Nitin Gadkari

ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের

আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২৩:০১

options
link
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
প্রতীকী ছবি।

চ্যালেঞ্জ করেছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। তা গ্রহণ করলেন প্রতিবাদীরা। দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদি সরকার। গ্রাহকদের একাংশের অভিযোগ, ইথানলের অতিরিক্ত ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা উড়িয়ে গড়করি বলেছেন, “এখনও একটা গাড়িও এমন পাওয়া যায়নি ইথানলের মিশ্রণের জন্য যে গাড়ির ক্ষতি হয়েছে।” এবার সেই দাবি উড়িয়ে প্রতিবাদীদের দাবি, অন্তত ৬ জনকে তাঁরা হাজির করাতে পারবেন। তবে শর্ত, সংবাদমাধ্যমের আগেই তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি গড়করিকে বলতে শোনা গিয়েছিল, ”যদি ইথানল মিশ্রিত জ্বালানি অর্থাৎ E-20 ফুয়েলের জন্য কোনও একটি গাড়ির ইঞ্জিনও খারাপ হয়ে থাকে, তাহলে সেটার প্রমাণ দিন।” তাঁর দাবি, “এই যে ইথানল নিয়ে প্রচার হচ্ছে, সবটাই পয়সা দিয়ে করা অপপ্রচার।”

Advertisement

কিন্তু এই দাবি নস্যাৎ করে সমাজকর্মী ও শিল্পপতি তহসিন পুনাওয়ালা বলেছেন, “আমরা নীতিন গড়করির চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবং সেই অনুযায়ী যাঁদের গাড়িতে E20-র কারণে সমস্যা দেখা দিয়েছে, আমাদের কাছে এমন ছয়জন ব্যক্তি আছেন। কিন্তু আমরা নীতিন গড়করি সঙ্গে সাক্ষাতের আয়োজন করতে পারছি না। আমরা কোনওভাবেই তাঁর বাড়িতে যেতে পারব না। গেলে আমাদের আটক বা গ্রেপ্তার করা হবে।”

Advertisement

ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদি সরকার। সমস্যা হল এই ইথানল নিয়ে আবার অভিযোগ অনেক। গ্রাহকদের একাংশের অভিযোগ, ইথানলের অতিরিক্ত ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাইলেজ কমে যাচ্ছে। গাড়ি তৈরি সংস্থাগুলিও স্বীকার করে নিচ্ছে ইথানলে সামান্য হলেও মাইলেজ কমছে। এহেন পরিস্থিতিতে নীতীন গড়করিকে চ্যালেঞ্জ করলেন আন্দোলনকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.