সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শুরুতেই ‘টার্গেট কিলিং’-এর ঘটনা ঘটেছে ভূস্বর্গে। রাজৌরিতে জঙ্গি হামলায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ছয় জন। ওই ঘটনার পরে কাশ্মীরে (Jammu and Kashmir) বাড়তি ১৮ কম্পানি আধাসেনা পাঠাচ্ছে কেন্দ্র। অর্থাৎ নতুন করে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তায় ১৮০০ আধাসেনা নিয়োগ করা হল। মূলত জম্মুর পুঞ্চ এবং রাজৌরি জেলায় নিরাপত্তার দায়িত্ব থাকবেন এই জওয়ানরা।
রবিবার সন্ধেবেলা রাজৌরির (Rajouri) ডাংরি গ্রামে ভয়াবহ হামলা হয়। আচমকা হানা দেয় ২ বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে। জানা গিয়েছে মৃতরা সকলেই হিন্দু। তাঁদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল ও শিব পাল। জঙ্গিরা ডাংরি গ্রামের ঢুকে গ্রামবাসীদের আধার কার্ড দেখতে চায়। তাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই গুলিতে ঝাঁজরা করে দেয়।
[আরও পড়ুন: ‘কাশ্মীরে নিরীহ মানুষ মরলে বিজেপির সুবিধা হয়’, বিস্ফোরক মেহবুবা মুফতি]
আজ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৮ কম্পানি সিআরপিফ দ্রুত মোতায়েন হবে রাজৌরিতে। বাকি ১০ কম্পানিও দিল্লি থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে। উল্লেখ্য রাজৌরিতে আরও একটি হামলায় আরও দু’জনকে জঙ্গিরা সোমবার সকালে হত্যা করেছে বলে জানা গিয়েছে। মোট ছয় জন মৃতের মধ্যে দু’জন শিশু। জঙ্গির হামলার পর কেন্দ্রের বিজেপি সরকার জম্মুতে অতিরিক্ত সেনা মোতায়েন করলেও দল বিজেপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।
[আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রার মাঝেই হাসপাতালে ভরতি সোনিয়া গান্ধী]
বুধবার তিনি বলেন, “কাশ্মীরে নীরিহ মানুষ মারা গেলে লাভ হয় গেরুয়া দলের।” তাঁর কথায়, “কাশ্মীরে নিরপরাধ মানুষকে হত্যা করা হলে লাভবান হয় বিজেপি। কারণ ওরা সংখ্যালঘুদের বিরুদ্ধে গল্প ফাঁদে এবং বাকি ভারতের কাছে কাশ্মীরিদের দানব হিসেবে তুলে ধরে। যদিও কেন এই ঘটনা ঘটছে সেই প্রশ্ন তোলা হয় না।” পাশাপাশি রবিবারের জঙ্গি হামলার জন্য সেনাকে দায়ী করেন পিডিপি নেত্রী। বলেন, “রাজৌরির মানুষের অভিযোগ, জঙ্গি হামলার জান্য দায়ী সেনা।” তিনি দাবি করেন, স্থানীয় মানুষ আগেই এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানিয়েছিল সেনাকে। তার পরেও হামলা হয়েছে।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’