Supreme Court

জরুরি শুনানির আর্জির সময় লাইভ স্ট্রিমিং চললেও বন্ধ অডিও, নির্দেশিকা সুপ্রিম কোর্টের, কেন?

নতুন নির্দেশে মূল বিচারপ্রক্রিয়া এবং মামলার জরুরি তালিকা নির্ধারণের প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে স্পষ্ট সীমারেখা টানা হল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২০:৩৮

options
link
জরুরি শুনানির আর্জির সময় লাইভ স্ট্রিমিং চললেও বন্ধ অডিও, নির্দেশিকা সুপ্রিম কোর্টের, কেন?
ফাইল চিত্র।

এবার থেকে প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে দ্রুত শুনানির আর্জিতে নতুন মামলা তালিকাভুক্ত করার সময় লাইভ ভিডিও স্ট্রিমিং চালু থাকলেও বন্ধ থাকবে অডিও। বুধবার এই নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে এবার থেকে জরুরি শুনানির আর্জির সময় আমজনতা বা সংবাদমাধ্যম কোনও শব্দই শুনতে পাবে না। কেন এই নির্দেশিকা?

Advertisement

কিছুদিন আগে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, কোনও মামলা জরুরি ভিত্তিতে তালিকাভুক্তির জন্য উল্লেখ বা আপিল করা আদালতের ‘প্রশাসনিক প্রক্রিয়ার’ অংশ। মনে করা হচ্ছে সেই পথেই হাঁটল শীর্ষ আদালত। নতুন নির্দেশে মূল বিচারপ্রক্রিয়া এবং মামলার জরুরি তালিকা নির্ধারণের প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে স্পষ্ট সীমারেখা টানা হল। বুধবারও প্রধান বিচারপতির নির্দেশিকায় বলা হয়েছে, “জরুরি বিষয়গুলির উল্লেখ করা একটি প্রশাসনিক প্রক্রিয়া, বিচার সংক্রান্ত কার্যপ্রণালী নয়, তাই এটি সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত নয়।”

Advertisement

সাম্প্রতিক অতীতে একাধিক স্পর্শকাতর মামলা প্রধান বিচারপতির এজলাসে ‘মেনশনিং’ বা তালিকাভুক্তির জন্য তোলা হচ্ছিল। মূল শুনানির আগেই সেই মামলায় বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ ও আইনজীবীদের সওয়াল-জবাব সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হচ্ছিল। তা বিচার প্রক্রিয়ার ওপর বিভ্রান্তিকর আলো ফেলছিল। মনে করা হচ্ছে, সেই জটিলতা এড়াতেই এই পদক্ষেপ।

Advertisement

উল্লেখ্য, গত ২২ জুলাই প্রধান বিচারপতির বেঞ্চে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে ‘দিল্লি পুলিশের হামলা’র অভিযোগে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। সেই সময় মেনশন-পর্বে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, পুলিশি হামলার ভিডিও দেখার সময় নেই তাদের। এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এই বিষয়ে পরে প্রধান বিচারপতি জানান, আগে মামলা দায়ের হলে তার পরেই সে সংক্রান্ত কোনও আর্জি বিবেচনা করা হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.