সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালে ফ্রেঞ্চ কাট দাড়ি৷ চোখে চশমা৷ চেহারায়, চাকচিক্যে আধুনিক হলেও তিনি একেবারে নগ্ন৷বিধানসভায় বসে আছেন মন্ত্রী, এমএলএ-দের বসার জায়গার বেশ উপরেই৷ আর শোনাচ্ছেন একের পর এক ‘কড়ে বচন’৷
বিধানসভার বাদল অধিবেশনে প্রথমবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল হরিয়ানা৷ ‘কড়ে বচন’ সেশনে বাইরে থেকে আমন্ত্রিত হয়ে কেউ তাঁর ভাবনা জানাতে পারেন৷ সেখানেই রামবিলাস পাসোয়ানের আমন্ত্রণে হাজির হয়েছিলেন জৈন ধর্মাবলম্বী এই সাধু৷ শোনালেন তাঁর ভাবনার কথা৷ সাম্প্রতিক নানা ইস্যুতে কী তাঁর মতামত? রাজনীতির উপর ধর্মের নিয়ন্ত্রণ জরুরি বলেই মনে করেন তরুণ সাগর নামে এই দিগম্বর সাধু৷ ধর্ম তাঁর কাছে স্বামীর মতো, রাজনীতি সেখানে পত্নী৷ অর্থাৎ পত্নী তথা মহিলাদের উপর পতি তথা পুরুষের নিয়ন্ত্রণকেই জোর গলায় প্রচার করলেন সাধু৷ তাঁর বক্তব্য, পত্নী তথা রাজনীতির নিয়মের অনুশাসনে থাকা বাধ্যতামূলক৷ আর তাই এর উপর ধর্মের নিয়ন্ত্রণও প্রাসঙ্গিক৷
ভ্রুণহত্যা রুখতেও তিনি শোনালেন তাঁর নিজস্ব দাওয়াই৷ তাঁর মতে, সামাজিক ও রাজনৈতিকভাবেই এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব৷ কী সেই পথ? যাঁদের মেয়ে নেই তাঁরা যেন রাজনীতিতে অংশ না নিতে পারেন, এমনকী যাঁদের মেয়ে নেই তাঁদের পরিবারের সঙ্গে কেউ যেন বিবাহবন্ধনে আবদ্ধ না হন৷ সন্ন্যাসীরাও এরকম বাড়ি থেকে যেন সাহায্য না নেন৷ অর্থাৎ সামাজিকভাবে একঘরে করেই সমস্যা রোখার ভাবনা তাঁর৷ তাঁর মতে এর ফলেই কন্যা সন্তানের প্রতি বাড়বে মমত্ব৷ তাতেই আটকানো যাবে ধর্ষণের মতো ঘটনা৷
সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানকে তুলোধোনা করে সাধুর মন্তব্য, কোনও ধর্মই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না৷ সরকার অস্ত্র কিনতে যে পরিমাণ অর্থ ব্যয় করে, তা শিক্ষার পিছনে খরচ করলে সন্ত্রাস অনেক আগেই বন্ধ হয়ে যেত বলে দাবি তাঁর৷ মোদি সরকারের কাজকর্মের প্রশংসাও শোনা গেল সাধুর মুখে৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য