PM Modi

পুতিনের বাসভবনে ‘হামলায়’ উদ্বিগ্ন মোদি, অভিযুক্ত ইউক্রেনের উদ্দেশে কী বার্তা ভারতের?

দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আর্জি মোদির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ১৪:১৬

options
link
পুতিনের বাসভবনে ‘হামলায়’ উদ্বিগ্ন মোদি, অভিযুক্ত ইউক্রেনের উদ্দেশে কী বার্তা ভারতের?
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে! এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করে মঙ্গলবার এই ঘটনায় ইউক্রেনের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন শান্তি বজায় রাখার।

Advertisement

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টার খবরে গভীরভাবে উদ্বিগ্ন।’ একইসঙ্গে লেখেন, ‘বর্তমানে যুদ্ধ থামাতে যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে, শত্রুতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সেটাই কার্যকর উপায়। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি, কূটনৈতিক পথেই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার। এই ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার অনুরোধ করছি সকলের কাছে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হতে পারে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে ড্রোন হামলার চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানান, ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে নভগোরড প্রদেশে পুতিনের বাড়ি লক্ষ্য করে ৯১টি দূরপাল্লার ড্রোন নিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। তবে সবকটি ড্রোনই ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুতিনের বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও সেই সময় রুশ প্রেসিডেন্ট তাঁর বাসস্থানে উপস্থিত ছিলেন কি না তা মস্কোর তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনাটিকে লাভরভ সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বলেন, “এ ধরনের বেপরোয়া কার্যকলাপ জঙ্গিবাদের সমান। রাশিয়া এর কড়া জবাব দেবে।” তাঁর সংযোজন, “বর্তমানে রুশ-ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই হামলার পর রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে। আমরা বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত।” যদিও মস্কোর দাবি খারিজ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ইউক্রেনের এই ধরনের পদক্ষেপে যারপরনাই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, “আমি ঘটনাটিকে একদমই পছন্দ করছি না। এটা ঠিক হয়নি। (পুতিনের থেকে) শোনার পর খুব রেগে গিয়েছিলাম।” তিনি বলেন, “এটা সংবেদনশীল সময়। এখন এগুলো করার সঠিক সময় নয়। কেউ আক্রমণের পালটা আক্রমণ করলে এক বিষয়। কিন্তু কারও বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুয়ের মধ্যে কোনওটিই করা উচিত নয়।” ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে সত্যিই হামলা করেছে কিনা তা মার্কিন গোয়েন্দারা খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা খুঁজে বার করব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন