প্রশান্ত কিশোর

নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের ফল, CAA নিয়ে ভোলবদল প্রশান্ত কিশোরের!

তাঁর দল এনআরসির বিরোধী হলেও নাগরিকত্ব আইনের পক্ষে বলে জানান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯, ২০:৪৮

options
link
নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের ফল, CAA নিয়ে ভোলবদল প্রশান্ত কিশোরের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পরেই নিজের দল জেডি(ইউ)-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন। কিন্তু, শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পর নিজের অবস্থান বদল করলেন প্রশান্ত কিশোর। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা জাতীয় নাগরিকপঞ্জি(NRC)-র পক্ষে নেই। তবে সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। যদি না তা এনআরসি সঙ্গে সংযুক্ত করা হয়।’

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন:  মতবিরোধী শুরু! সাভারকর ইস্যুতে প্রকাশ্যে কংগ্রেস-শিব সেনা দ্বন্দ্ব]

এই মন্তব্যের আগে অবশ্য নিজের পুরনো কথারই পুনরাবৃত্তি করেন জনতা দল(ইউনাইটেড)-এর সহ-সভাপতি। বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আমি যা বলেছিলাম এখনও তাই মনে করি। যা বলবার আমি প্রকাশ্যেই বলেছিলাম, আর তা শুধু নীতীশ কুমার নয় সবার জন্যই।’

Advertisement

গত সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন দেয় নীতীশ কুমারের দল। এরপরই সোশ্যাল মিডিয়াতে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করেন প্রশান্ত কিশোর। অবশ্য অসমে এনআরসি হওয়ার পরও তিনি সোশ্যাল মিডিয়ায় তীব্র শ্লেষে বিঁধেছিলেন মোদি সরকারকে। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর তাঁর কলমের ধার আরও বাড়ে। আরও কঠোরভাবে বিজেপি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসিকে ধর্মের ভিত্তিতে বৈষম্যের জোড়া অস্ত্র বলেও উল্লেখ করেন। শুধু তাই নয়, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর ঘুরপথে তা আটকে দিতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের একত্রিত হওয়ার আবেদনও জানিয়েছেন।

 

[আরও পড়ুন:  কানপুর গঙ্গার ঘাটে আচমকা পড়ে গেলেন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিও]

 

অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে তাঁর আবেদন ছিল, এই বিলের বিরোধিতা করুন এবং দেশের আত্মাকে বাঁচান। তাঁর ডাকে ৫ জন মুখ্যমন্ত্রী সাড়াও দেন। বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে দেশে শনিবার বিহারে ডেকে পাঠানো হয় দলের সহ-সভাপতিকে। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন নীতীশ কুমার-সহ জেডি(ইউ)-র শীর্ষ নেতারা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন প্রশান্ত কিশোর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.