সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদাধিকার অনুযায়ী সেনাবাহিনীর তিন বিভাগের সুপ্রিম কমান্ডার হলেও তিন প্রধানের থেকে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি।
বর্তমানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন প্রতি মাসে যথাক্রমে ১ লক্ষ ৫০ হাজার , ১ লক্ষ ২৫ হাজার ও ১ লক্ষ ১০ হাজার টাকা। ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ক্যাবিনেট সচিবের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২ লক্ষ ২৫ হাজার টাকা। সেনাবাহিনীর তিন বিভাগের প্রধানও ক্যাবিনেট সচিবদের সমপরিমাণ বেতন পান।
[রাষ্ট্রপতির কন্যা হওয়ায় আর কেবিন ক্রিউ থাকলেন না স্বাতী]
সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য আইন সংশোধন না হওয়ায় এখনও আমলা ও সেনাবাহিনীর তিন প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। এক বছরেরও বেশি সময় আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেট সচিবালয়ের অনুমোদনের জন্য পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করলে বিলটি সংসদে পেশ করা হবে। সংসদ অনুমোদন দিলে রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা। উপরাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা এবং রাজ্যপালদের বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকা।
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন শেষবার বাড়ানো হয়েছিল ২০০৮ সালে। তার আগে পর্যন্ত তাঁদের বেতন ছিল যথাক্রমে মাসে ৫০ হাজার ৪০ হাজার ও ৩৬ হাজার।
[ছাতা নিতে অস্বীকার, বৃষ্টিতে ভিজে গার্ড অফ অনার নিলেন রাষ্ট্রপতি]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা