Raghav Chadha

বিজেপিতে ক্ষুব্ধ জেন জি! দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব

সামাজিক ইস্যুতে সুর চড়িয়ে তরুণ প্রজন্মের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রাঘব। জেন জি মনে করেছিল, এই তরুণ নেতা অন্যদের থেকে আলাদা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:৩৫

options
link
বিজেপিতে ক্ষুব্ধ জেন জি! দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব
রাঘব চাড্ডা। ফাইল ছবি।

আমজনতার নিত্যদিনের সমস্যা নিয়ে সংসদে সুর চড়িয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাঘব চাড্ডা। তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্য হয়ে উঠেছিল তাঁর কর্মকাণ্ড। কিন্তু আপ থেকে বিজেপিতে যেতেই হিরো থেকে জিরো হওয়ার পথে রাঘব চাড্ডা (Raghav Chadha)। ২৪ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ ৩০ হাজারেরও বেশি ফলোয়ার হারিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা আরও কমতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কি জেন জি’র মন থেকে মুছে গেলেন দলবদলু সাংসদ?

Advertisement

দলবদলের আগেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাঘব। গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন। বিমানবন্দরে খাবারের অতিরিক্ত দামের প্রতিবাদ করেছেন। ডেলিভারি বয় হিসাবেও একদিন কাজ করেছেন যেন ১০ মিনিটে ডেলিভারির বিজ্ঞাপন বন্ধ করা যায়। রাঘবের দাবি মেনে পদক্ষেপও করেছে কেন্দ্র।

Advertisement

সামাজিক ইস্যুতে সুর চড়িয়ে তরুণ প্রজন্মের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রাঘব। জেন জি মনে করেছিল, এই তরুণ নেতা অন্যদের থেকে আলাদা। দৈনন্দিন সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন তিনি। যখন জল্পনা ছড়াচ্ছে রাঘব আপ ছাড়তে চলেছেন, তখনও তরুণ প্রজন্মের সমর্থন ছিল তাঁর সঙ্গে। এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। এখন অন্য কোনও দলে যোগ দিলে জনপ্রিয়তা হারাবেন রাঘব। এমনকি সমালোচনার মুখেও পড়তে পারেন। ‘জেন জি পার্টি’ নামে দল খুলুন রাঘব, দাবি করেছিলেন নেটিজেনরা।

Advertisement

শেষ পর্যন্ত রাঘব নাম লিখিয়েছেন বিজেপিতে। তারপরেই ধস নেমেছে তাঁর ইনস্টা ফলোয়ার সংখ্যায়। শুক্রবার দুপুর পর্যন্ত ইনস্টাগ্রামে ১ কোটি ৪০ লক্ষ ফলোয়ার ছিল রাঘবের। তারপর দলবদল করেন তরুণ সাংসদ। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা নেমে দাঁড়ায় ১ কোটি ৩০ লক্ষে। অর্থাৎ এক দিনের মধ্যেই লক্ষ লক্ষ ফলোয়ার হারিয়েছেন তিনি। নেটদুনিয়ায় ট্রেন্ডিং unfollowRaghavChadha। আগামী কয়েকদিনে আরও ফলোয়ার হারাতে চলেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকমহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.