সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খামোশ’ নন শত্রুঘ্ন সিনহা।
দল ছাড়েননি। ছাড়বেন বলে কোথাও কোনও ইঙ্গিতও নেই। তবু দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন। অভিনয় দুনিয়া ছেড়ে অনেকেই রাজনীতিতে আসেন। তবে বেশিরভাগই দল ও পদের বশংবদ হয়ে থাকেন। কিন্তু সাংসদ হয়েও যেভাবে সরকারের সমালোচনায় খড়্গহস্ত শত্রুঘ্ন, তা এককথায় নজিরবিহীন।
[ নয়া বিতর্কে ‘পদ্মাবতী’, ছবি মুক্তির প্রতিবাদে নাহারগড় দুর্গে ঝুলন্ত দেহ ]
শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনওরকম রাখঢাক করেননি শত্রুঘ্ন। সাফ জানিয়েছেন, তিনি কোনও মন্ত্রীর হাতে তৈরি নন। মন্ত্রী হওয়ার বাসনাও তাঁর নেই। রাজনীতি করতে এসেছেন বটে, কিন্তু দলের সব সিদ্ধান্ত মেনে নিতে হবে এরকম কোনও বাধ্যবাধকতা তাঁর ক্ষেত্রে নেই। যেটা তাঁর অনুচিত বলে মনে হবে, তা নিয়ে প্রশ্ন করবেন। তাঁর দাবি, তাঁর কথা হলে ‘মন কি বাত’ হবে না কেন? কেন তার পেটেন্ট অন্য কারও দখলে থাকবে? তিনি জানান, “সকলেরই সবকিছু নিয়ে কথা বলার অধিকার আছে। একজন উকিল যদি অর্থনীতি নিয়ে কথা বলতে পারেন, একজন টেলিভিশন অভিনেত্রী যদি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হতে পারেন, সর্বোপরি একজন চাওয়ালা যদি… তাহলে আমিই বা অর্থনীতি নিয়ে কথা বলতে পারব না কেন?” অরুণ জেটলি থেকে স্মৃতি ইরানি কাউকেই ছেড়ে কথা বলেননি অভিনেতা।
[ লালফৌজকে ধরাশায়ী করতে ডোকলামে ঐতিহাসিক পদক্ষেপ ভারতীয় সেনার ]
দলের অভ্যন্তরেও যে ক্ষোভ-বিদ্বেষ আছে, সে কথাও গোপন রাখেননি শত্রুঘ্ন। তবে তাঁর দাবি, বেশিরভাগ মন্ত্রী নিজের পদ ও আখের গোছানোর কারণে মুখ খুলছেন না। তাঁর প্রশ্ন, দেশে হচ্ছেটা কী? স্বঘোষিত গো-রক্ষকদের হাতে মার খাচ্ছেন সাধারণ মানুষ। বুদ্ধিজীবী থেকে শুরু করে লেখকদের খুন করা হচ্ছে। মানুষের শক্তির থেকেও এখন টাকার শক্তি অনেক বেশি হয়ে গিয়েছে। আর যদি কেউ এগিয়ে এসে বিরোধিতা করে, তবে তাদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, যদি গরীবদের হয়ে, সাধারণ মানুষের হয়ে, যুবকের হয়ে কথা বলতে তিনি না পারেন, তাহলে রাজনীতিতে এসে তাঁর কী লাভ হল?
[ ভারতে এসে ঘুরতে যাওয়া নয়, পাক আধিকারিকদের ফরমান বিদেশমন্ত্রকের ]
নিঃসন্দেহে শত্রুঘ্ন সিনহার এই অবস্থান ব্যতিক্রমী। তবে দলের বিরুদ্ধে তিনি আগেও মুখ খুলেছেন। কিন্তু দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এবারে আরও চড়া সুরে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন। যদিও দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা