সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলতে পারেন, দেশের কোন স্টেশনের নাম ‘হ্যাপিনেস জংশন’? শুনে নতুন মনে হচ্ছে? এ দেশে এমন নামের স্টেশনের সঙ্গে এখনও নিশ্চয়ই পরিচয় ঘটেনি৷ এবার ঘটবে৷ কারণ ভারতে প্রথমবার তৈরি হচ্ছে ‘হ্যাপিনেস জংশন’৷ যে স্টেশনের পরতে পরতে লুকিয়ে থাকবে আনন্দ ও নস্ট্যালজিয়া৷
শুক্রবার রেলমন্ত্রকের তরফে টুইট করে জানানো হল, বিহারের সোনপুর স্টেশনকে ঢেলে সাজানো হবে৷ এবং সেটিই দেশের প্রথম ‘হ্যাপিনেস জংশন’ হিসেবে স্বীকৃতি পাবে৷ কীভাবে এই স্টেশনে পা রাখলেই মন ভাল হয়ে যাবে? একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, সোনপুরের প্ল্যাটফর্মে সময় কাটানোর জন্য ছোট থেকে বড় সবার জন্যই নানা ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে৷ বাচ্চাদের খেলার জায়গা থেকে বইয়ের ক্যাফে, খবরের কাগজের দোকান-সহ মন ভাল করার অনেক পথই খোলা পাবেন অপেক্ষারত যাত্রীরা৷ এখানেই শেষ নয়৷ প্ল্যাটফর্মে বসে যাত্রীরা সমাজসেবা করার সুযোগও পাবেন৷ তার জন্য থাকবে ‘গুডউইল ওয়ালও’৷ এই জায়গায় যাত্রীরা নিজেদের অপ্রয়োজনীয় জিনিস যেমন বই, পেনসিল, জামাকাপড় পিছিয়ে পড়া মানুষদের জন্য রেখে যেতে পারবেন অনায়াসে৷ স্টেশন কর্তৃপক্ষই সঠিক স্থানে সেসব জিনিস পৌঁছে দেবে৷
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করার একঘেয়েমি কাটাতে ইতিমধ্যেই দেশের অনেক স্টেশনে চালু হয়ে গিয়েছে ওয়াই-ফাই পরিষেবা৷ এবার আরও একধাপ এগিয়ে গেল সোনপুর৷ যা খুব তাড়াতাড়ি নাম বদলে পরিচিত পাবে ‘হ্যাপিনেস জংশন’ হিসেবে৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না