সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ বিতর্কের কালো মেঘ সরিয়ে টিম বনশালীকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে শুক্রবার একথা জানান মমতা। তার জেরেই এবার বিজেপির রোষের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। ‘পদ্মাবতী’ বিতর্কে সবচেয়ে বেশি বিরোধিতায় গলা ফাটিয়েছেন যিনি সেই হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমুই এবার মুখ্যমন্ত্রীকে রামায়ণের শূর্পণখার কথা মনে করিয়ে দিলেন। পৌরাণিক মহাকাব্যে লক্ষ্মণ যেভাবে শূর্পণখাকে নাক কেটে শাস্তি দিয়েছিল সেকথাই মমতাকে মনে করিয়ে শনিবার প্রচ্ছন্ন হুমকি দিলেন বিজেপি নেতা।
[অন্য রাজ্য ছবি নিষিদ্ধ করলে বাংলায় আসুন, ‘পদ্মাবতী’কে স্বাগত মুখ্যমন্ত্রীর]
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। উত্তরপ্রদেশ বিশৃঙ্খলার অজুহাত দেখিয়েছে। ইতিহাস বিকৃতির দায় দিয়েছে পাঞ্জাব। হরিয়ানা সিবিএফসিকে শিখণ্ডীর মতো ব্যবহার করিয়েছে ছবি মুক্তির মাঝে। কিন্তু মুক্তমঞ্চে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, অন্য রাজ্য যদি ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করে ছবির টিম নিশ্চিন্তে বাংলায় চলে আসতে পারে। এখানে ছবি মুক্তির জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ক্রীড়া ও শিল্পের কোনও জাত হয় না। তা ভৌগলিক সীমারেখাতেও আবদ্ধ থাকে না। শিল্প, শিক্ষা ও ক্রীড়ার জন্য বাংলার দ্বার সবসময় খোলা। দেশের শিল্পের আঁতুরঘর যে এ রাজ্যই সেকথা ভালভাবেই বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
কিন্তু বিতর্কের আঁচ তাতেই বেড়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস যেন বিজেপির বিরোধিতায় ঘৃতাহুতি দিয়েছে। এদিন ঠিক কী বলেছেন সুরজ পাল? তিনি বলেছেন, ‘রাক্ষসী প্রবৃত্তির যেসমস্ত মহিলা হয়, যেমন শূর্পণখা। নাক কেটে তাকে শিক্ষা দিয়েছিলেন লক্ষ্মণ। মমতাজি এই কথাটা যেন না ভোলেন।’ এবার ‘পদ্মাবতী’ বিতর্কে প্রচ্ছন্ন হুমকির জেরে মমতা-বিজেপি সংঘাত চরম আকার নিল। উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুণ্ডচ্ছেদে ৫ কোটি টাকার ইনাম ঘোষণা করেন এই বিজেপি নেতা। তার পরের দিনই তাঁর কাছে কৈফিয়ত চায় দল। কিন্তু ক্ষমা চাওয়া তো দূর, ইনাম দ্বিগুণ করে দেন সুরজ পাল। এবার পরোক্ষে মুখ্যমন্ত্রীর নাক কাটার হুমকি দিয়ে বিতর্ক বাড়ালেন ওই বিজেপি নেতা।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা