কাশ্মীরের হান্দওয়ারায় সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি

এদিকে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বাড়ানো হল লেহ বিমানবন্দরের নিরাপত্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১২:৩৭

options
link
কাশ্মীরের হান্দওয়ারায় সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ফের একবার বড়সড় সাফল্য পেল সেনা। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার। মঙ্গলবার হান্দওয়ারার মাগাম এলাকায় সেনা-জঙ্গি গুলির সংঘর্ষে মারা গিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার তিন জঙ্গি। ঘটনায় সেনার তরফ থেকে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর সেনা ও পুলিশ। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সে জন্য চলছে তল্লাশি অভিযান।

Advertisement

[নজরে ডিজিটাল ইন্ডিয়া, বন্ধ হচ্ছে চেক বুকের ব্যবহার?]

গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গিদের ডেরায় অভিযান চালায় সেনা এবং সিআরপিএফের যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশের আইজিপি মুনির খান এই প্রসঙ্গে বলেন, ‘মাগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই আমরা গতকাল রাতে অভিযান চালাই। সিআরপিএফ এবং ভারতীয় সেনার জওয়ানরা এই অভিযানে অংশ নেয়। একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের আত্মসমর্পণের কথা বললেও শোনেনি। উলটে জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাবে পালটা গুলি চালায় জওয়ানরাও। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই গুলি লড়াইয়ের শেষে মারা যায় তিন জঙ্গি।’ এছাড়া তিনি আরও জানান, ওই তিন জঙ্গি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করের সদস্য। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র-শস্ত্র এবং আগ্নেয়াস্ত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ত্রিপুরায় ফের খুন সাংবাদিক, এবার পুলিশের গুলিতে মৃত্যু]

এদিকে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে লেহ বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হল। দিন কয়েক আগেই একটি রিপোর্টে জানা গিয়েছে, লস্করের জঙ্গিরা নাকি ওই বিমানবন্দরে ফিদায়েঁ হামলা চালাতে পারে। এরপরই ওই বিমানবন্দরটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর সেনা জওয়ান। গোয়েন্দারা জানতে পেরেছে, কয়েকদিন আগেই হামলার ছক কষতে কাশ্মীরে একটি বৈঠকও করে জঙ্গিরা। আর তাই তড়িঘড়ি বাড়ানো হয়েছে ওই বিমানবন্দরের নিরাপত্তা। উল্লেখ্য, লেহ-র ওই বিমানবন্দরটি শুধু সাধারণ মানুষরা নন, ভারতীয় সেনা জওয়ানরাও ব্যবহার করে থাকেন। এর মধ্যেই হান্দওয়ারার এই এনকাউন্টার বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.