Assam Assembly Elections 2026

অসমের ১৭ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নজর বাঙালি ও সংখ্যালঘু ভোটে

'বিজেপির যাতে কোনওভাবেই সুবিধা না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই', বলছে তৃণমূল। আপাতত তৃণমূলের লক্ষ্য অসম-সহ গোটা উত্তরপূর্বে সংগঠন আরও শক্তিশালী করা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৬:০৫

options
link
অসমের ১৭ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নজর বাঙালি ও সংখ্যালঘু ভোটে
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বাংলার পাশাপাশি যে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন আসন্ন, সেগুলির মধ্যে অসমে সবচেয়ে বেশি নজর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC)। হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ভালোরকম সংগঠন রয়েছে তৃণমূলের। এবার পাশের রাজ্যে প্রথম দফার প্রার্থীও ঘোষণা করে দিল তৃণমূল। প্রথম দফায় ১৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মূলত বাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের দিকে নজর দিচ্ছে শাসকদল।

Advertisement

তৃণমূলের প্রথম দফায় প্রার্থী তালিকায় একাধিক সংখ্যালঘু নাম রয়েছেন। কোকড়াঝাড়ের বাওখুঁগ্রী থেকে প্রার্থী হলেন উদাংশ্রী নার্জারি, ধুবড়ির বিলাসীপাড়া থেকে প্রার্থী হলেন মোমিনুর ইসলাম, গোয়ালপাড়ার জলেস্বর থেকে প্রার্থী হয়েছেন আরিফ আকবর আহমেদ। অন্যান্য একাধিক কেন্দ্র থেকে প্রার্থী হলেন, কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী, আমিরুল ইসলাম, দুলু আহমেদরা।

Advertisement

অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, সে রাজ্যে ৫১টি আসনে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যদিও রাজ্যের শাসকদল জানিয়েছে, এমন কোথাও প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়। দরকারে আরও কম আসনে লড়াই করা হবে। অসম তৃণমূলের প্রভাবশালী নেতা দুলু আহমেদ বলছিলেন, “আমাদের প্রধান শত্রু বিজেপি। কংগ্রেস জোটের শক্তিশালী প্রার্থী রয়েছে বা জেতার সম্ভাবনা রয়েছে এমন আসনে আমরা প্রার্থী দেব না। বিজেপির যাতে কোনওভাবেই সুবিধা না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই।” আপাতত তৃণমূলের লক্ষ্য অসম-সহ গোটা উত্তরপূর্বে সংগঠন আরও শক্তিশালী করা।

Advertisement

তবে বিধানসভা নির্বাচন উপলক্ষে এবার অসমে (Assam Assembly Elections 2026) প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের ১৮ জন তারকা প্রচারক। প্রকাশিত তালিকায় সবার উপরে নাম রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর দ্বিতীয় স্থানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যথাক্রমে রয়েছেন, অসমের ভূমি কন্যা সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শান্তা ছেত্রী, জুন মালিয়া, সিদ্দিকুল্লা চৌধুরী, মোসারফ হুসেন ও দুলু আহমেদ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.