সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সরকার চুক্তি বাতিল করতেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল তুরস্কের বিমানবন্দর ব্যবস্থাপনা সংস্থা সেলেবি। ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে ছিল সংস্থাটি।
ভারত-পাক যুদ্ধের আবহে পাক সেনাকে সহযোগিতা করার অভিযোগ উঠে তুরস্ক সরকারের বিরুদ্ধে। ভারতের যাবতীয় সাহায্যের কথা ভুলে গিয়ে যুদ্ধের আবহে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করে তুরস্ক সরকার। পাকিস্তানে সেনা পাঠানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এরপর তুরস্কের সংস্থা সেলেবির সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করার কথা ঘোষণা করে ভারত সরকার।
সেলেবির তরফে শুক্রবার দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়। সেখানে তারা দাবি করে কোনও নোটিস ছাড়াই তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। তাদের আরও যুক্তি, হঠাৎ করে এভাবে চুক্তি বাতিল করলে ৩৭৯১ জন কর্মী চাকরি হারাবেন। পাশাপাশি তাদের সংস্থায় বিনিয়োগকারীদের মনোবলের উপর প্রভাব পড়বে।
আদালতে দাখিল করা মামলায় সেলেবির তরফে প্রশ্ন তোলা হয়েছে, কোনও চুক্তি কীভাবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব পরতে পারে? তাছাড়া শুধুমাত্র এই কারণে এভাবে চুক্তি বাতিল করা যায় না বলেও দাবি করেছে সংস্থাটি। এই বিষয় নিয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী সোমবার।
উল্লেখ্য, লাইসেন্স বাতিল ঘোষণা হতেই সেলেবি দাবি করেছিল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে সংস্থার সরাসরি কোনও সম্পর্ক নেই। এমনকি তাদের মালিকানাও তুরস্কের নয়। রাজনৈতিক যোগ নেই বলেও জানিয়েছিল সেলেবি অ্যাভিয়েশন। এরই মধ্যে আদালতের দারস্থ হল তারা।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!