সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ১০০ দিন পূর্ণ করেছেন উদ্ধব ঠাকরে৷ সেই উপলক্ষে অযোধ্যায় গিয়ে ভগবান রামের আশীর্বাদ নেবেন তিনি৷ এমনটাই জানিয়েছে শিব সেনা৷ তবে তাৎপর্যপূর্ণভাবে সফরসঙ্গী হিসেবে রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানিয়েছেন উদ্ধব৷ ফলে শুরু হয়েছে জল্পনা৷
বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানান, ‘মুখ্যমন্ত্রী পদে ১০০ দিন সম্পূর্ণ হওয়ায় এবার অযোধ্যা যাবেন উদ্ধব ঠাকরে৷’ তিনি বলেন, “রামলাল্লার আশীর্বাদ নিতে রাম মন্দির দর্শনে যাবেন উদ্ধব৷ আমরা জোটসঙ্গী কংগ্রেস ও এনসিপির নেতাদেরও এই সফরে আমন্ত্রণ জানাচ্ছি৷ রাহুল গান্ধী অনেক মন্দিরে যান৷ তিনিও আমাদের সঙ্গী হতে পারেন৷” উল্লেখ্য, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম রাম মন্দিরে যাবেন উদ্ধব৷ গত অক্টোবর মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে চলা ‘মহা নাটকের’ শেষে গেরুয়া শিবির ছেড়েছিলেন ঠাকরে৷ তারপরই শরদ পাওয়ারের নির্দেশে ‘জোটের স্বার্থে’ ২৪ নভেম্বর পূর্বপরিকল্পিত রাম মন্দির সফর বাতিল করেন তিনি৷ তবে এবার রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে জল্পনা উসকে দিয়েছে শিব সেনা৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘মহা বিকাশ আঘাড়ি’তে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সবে ‘সেকুলার’ হয়েছেন উদ্ধব ঠাকরে৷ গত নভেম্বরে শরদ পাওয়ারের নির্দেশেই রাম মন্দিরের দিকে পা বাড়াননি তিনি৷ তবে ‘হিন্দুত্ব’ ছেড়ে ঠাকরের ‘ধর্মনিরপেক্ষ’ হওয়ায় প্রভাব পড়েছে শিব সেনার ‘কোর হিন্দু ভোটব্যাংকে’৷ সেখানে ভাগ বসাতে পারে বিজেপি৷ শুধু তাই নয়, মারাঠি অস্মিতার আপাতত ‘ফাঁকা’ ময়দানে জমি দখল করতে পারেন ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র প্রধান রাজ ঠাকরে৷ বাকি রইল ‘ধর্মনিরপেক্ষ’ ও মুসলিম ভোটার৷ সেখানে ক্রমে জমি শক্ত করছে কংগ্রেস৷ সব মিলিয়ে, লাভের গুড় শুধু নয়, আদর্শ জলাঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী হতে গিয়ে আখও খুইয়েছেন উদ্ধব৷ তাই রাহুল গান্ধীকে সফরসঙ্গী করে হিন্দু ভোটের পাশাপাশি ‘সেকুলার’ তকমাও বজায় রাখতে চাইছেন তিনি৷
অনেকেই মনে করছেন, উদ্ধবের আমন্ত্রণে বেশ অস্বস্তিতে পড়েছেন রাহুল গান্ধী৷ লোকসভা নির্বাচনে বিজেপির হিন্দুত্বকে টেক্কা দিতে ‘টেম্পল রান’ করেছিলেন তিনি৷ তবে ফলে মেলেনি কিছুই৷ তাই এবার রাম মন্দির দর্শন করে মুসলিম ভোটব্যাংকে চটাতে চাইবেনা না তিনি৷ একইভাবে দর্শনে না গেলে ভুল বার্তা যাবে হিন্দুদের কাছেও৷ এদিকে, দিল্লি ও বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন৷ সব মিলিয়ে এবার কী করবেন রাহুল, সেটাই দেখার৷
[আরও পড়ুন: খর্ব হচ্ছে নাগরিক অধিকার, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ নিচে নামল ভারত]
সর্বশেষ খবর
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক