Union Budget

জি রাম জি বিতর্কের জের! নির্মলার বাজেটে গান্ধীর নামে নয়া প্রকল্প

১০০ দিনের কাজ প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। সম্ভবত সেই বিতর্কের জেরেই এবার গান্ধীর নামেই নয়া প্রকল্প শুরু করতে হল কেন্দ্র সরকারকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৫:২৪

options
link
জি রাম জি বিতর্কের জের! নির্মলার বাজেটে গান্ধীর নামে নয়া প্রকল্প
নির্মলার বাজেটে গান্ধীর নাম। ফাইল ছবি।

১০০ দিনের কাজ প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। সম্ভবত সেই বিতর্কের জেরেই এবার গান্ধীর নামেই নয়া প্রকল্প শুরু করতে হল কেন্দ্র সরকারকে। কেন্দ্রীয় বাজেটে (Union Budget) অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, এবার বস্ত্রশিল্প উন্নয়নে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা চালু করবে কেন্দ্র সরকার।

Advertisement

মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) আইন এনেছে কেন্দ্র। যা নিয়ে দেশজোড়া বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, ওই প্রকল্প থেকে গান্ধীজির নাম সরানোর জন্যই ঘটা করে বিল এনেছে মোদি সরকার। ওই বিল অসাংবিধানিক। সংসদে সংখ্যাধিক্যের বলে পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। অন্য বিরোধীরাও গান্ধীজির অপমানে ফুঁসে উঠেছেন।

Advertisement

সেই বিতর্কের জেরেই সম্ভবত নির্মলা সীতারমণের বাজেটে শোনা গেল গান্ধীজির নাম। খাদি ও বস্ত্রশিল্পের মাধ্যমে গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নতি ও আত্মনির্ভরতার লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা চালু করতে চলেছে কেন্দ্র। মূলত বস্ত্র শিল্প ও খাদির উন্নয়নে ওই প্রকল্পে মোটা অঙ্কের বিনিয়োগ করা হবে। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা বলেন, “আমি চ্যালেঞ্জ মোড টেক্সটাইল পার্ক তৈরির প্রস্তাব করছি। খাদি এবং তাঁতশিল্পের উন্নতির জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প শুরু করার প্রস্তাব করছি।”

এমনিতেই খাদি গান্ধীজি এবং ভারতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। গান্ধীজি খাদিকে আত্মনির্ভরতার অস্ত্র হিসাবে দেখতেন। গ্রামীণ অর্থনীতিকে চালনার অস্ত্র হিসাবে দেখতেন। সেই স্বপ্নকেই বাজেটে বুনলেন নির্মলা। উদ্দেশ্য, বিরোধীদের জি রাম জি অস্ত্র ভোঁতা করে গান্ধীর প্রতি আবেগ উসকে দেওয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.