Arvind Kejriwal

বিজেপির হয়ে কাজ কমিশনের! দিল্লির তুলনা টেনে মমতার পাশে কেজরিওয়াল

কেজরিওয়াল দাবি করেন, 'বর্তমানে পশ্চিমবঙ্গে যা ঘটছে, ঠিক একই ঘটনা দিল্লির নির্বাচনের সময়ও ঘটেছিল।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১১:৩৬

options
link
বিজেপির হয়ে কাজ কমিশনের! দিল্লির তুলনা টেনে মমতার পাশে কেজরিওয়াল
মমতার পাশে কেজরিওয়াল। ফাইল ছবি।

দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়াল। তোপ দাগলেন বিজেপিকে নিশানা করে। বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হয়েছেন।

Advertisement

এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বিজেপি অসৎ উপায়ে নির্বাচন জিততে নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।’ কেজরিওয়াল দাবি করেন, ‘বর্তমানে পশ্চিমবঙ্গে যা ঘটছে, ঠিক একই ঘটনা দিল্লির নির্বাচনের সময়ও ঘটেছিল।’ তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে এবং পুলিশ-প্রশাসন বিজেপির পক্ষেই কাজ করেছে। তিনি আরও বলেন, এইভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

Advertisement

মমতার প্রতি সমর্থন জানিয়ে পোস্টে কেজরিওয়াল আরও লেখেন, ‘আজ মমতা দিদিও গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করছেন। এই লড়াইয়ে আমরা তাঁর সঙ্গে আছি।’ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন কেজরির এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। এদিকে এদিনই দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লি হাই কোর্ট অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্য অভিযুক্তদের উত্তর দেওয়ার জন্য সময় দিয়েছে।

Advertisement

সম্প্রতি এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতের কিছু মন্তব্য বাতিল করার আবেদন জানিয়েছিল। জানা গেছে, দিল্লি হাই কোর্টে ইডি দাবি করেছে যে আগের শুনানিতে আদালতের কিছু পর্যবেক্ষণ তাদের তদন্তের উপর প্রভাব ফেলতে পারে। তাই সেই মন্তব্যগুলি ‘এক্সপাঞ্জ’ বা বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে কেজরিওয়াল-সহ অন্যান্য অভিযুক্তদের লিখিত জবাব জমা দেওয়ার জন্য সময় দিয়েছে। এই আবগারি নীতি মামলা নিয়ে ইতিমধ্যেই একাধিক আইনি লড়াই চলছে। এর আগে নিম্ন আদালত কেজরিওয়াল ও আরও কয়েকজনকে কিছু অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তদন্তকারী সংস্থাগুলি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। দিল্লি হাই কোর্টে বর্তমানে মামলাটি নিয়ে ধারাবাহিক শুনানি চলছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.