ISL Final

দু’ঘণ্টায় শেষ! আইএসএল ফাইনালের টিকিটের জন্য শুরু হাহাকার

ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরুর টিকিটের দামও বাড়িয়েছে এফএসডিএল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৫, ১১:৫৩

options
link
দু’ঘণ্টায় শেষ! আইএসএল ফাইনালের টিকিটের জন্য শুরু হাহাকার

স্টাফ রিপোর্টার: আইএসএল ফাইনালের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গেল। বৃহস্পতিবার বিকেল থেকে অনলাইনে দেওয়া শুরু হয়েছিল মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ম্যাচ টিকিট। দেখা গিয়েছে, দু ঘন্টার মধ্যে প্রথম দফায় যে টিকিট ছাড়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছে।

Advertisement

টেকনিক্যালি এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ নয়। প্রতিযোগিতার ফাইনাল হওয়ায় এই ম্যাচের আয়োজক এফএসডিএল। স্বাভাবিকভাবেই টিকিটের নিয়ন্ত্রণ করছে এফএসডিএলই। এই ম্যাচে মোহনবাগান ও বেঙ্গালুরুকে সমান সংখ্যক টিকিট দেবে তারা। যাতে মোহনবাগান সদস্যরা টিকিট পান তার জন্য মোহনবাগান ক্লাব থেকে এফএসডিএলের থেকে টিকিট কিনে নেওয়া হয়েছে। এই টিকিট সদস্যদের কিনতে হবে টাকা দিয়ে। তবে আগে লিগের ম্যাচগুলো একশো টাকার বিনিময়ে টিকিট পেতেন সদস্যরা। এবার যেহেতু এফএসডিএল টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে তাই দামটা হয়ত একটু বেশি দিতে হবে।

Advertisement

মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছেন এই ম্যাচে গ্যালারি পূর্ণ থাকবে। যা ফাইনালে সহায়তা করে কামিংসদের। যদিও গতবার ফাইনালে পৌঁছালেও মুম্বই সিটির বিরুদ্ধে জয় আসেনি। এবার আর সেই ভুল করতে চান না মোহনবাগান ফুটবলাররা। এই মরশুমে আইএসএলে এখনও পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত জেমি ম্যাকলারেনরা। শনিবার জিততে পারলে এই মরশুমে ডবল করার কৃতিত্বের অধিকারী হবেন তাঁরা। কিন্তু সমস্যা হল, অনলাইনে টিকিট ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাওয়ায় সাধারণ মোহনবাগান সমর্থকদের মধ্যে টিকিটের জন্য হাহাকার তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কোথাও কোথাও টিকিটের কালোবাজারির খবরও পাওয়া যাচ্ছে।

Advertisement

এদিকে, সুপার কাপের সূচি আগেই প্রকাশ হয়ে গিয়েছিল। বাকি ছিল আই লিগ থেকে আসা তিন দল কাদের বিরুদ্ধে খেলতে নামবে সেই তিন দলকে নিয়ে লটারি। বুধবার সেই তিন দলকে নিয়েও লটারি হয়ে গেল। সেই লটারিতেই ঠিক হয়েছে, প্রতিযোগিতার প্রথম দিনেই মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল। আই লিগ থেকে সুপার কাপে খেলবে চার্চিল, ইন্টার কাশী ও গোকুলাম এফসি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.