Abhishek Banerjee

‘ডিম যেন না ছোড়া হয়’, আদালতে আর্জি ‘শঙ্কিত’ অভিষেকের, কণ্ঠস্বর দিতেই হবে, ধমক কোর্টের

'সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব, জরিমানাও', বললেন বিচারপতি।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:৪২

options
link
‘ডিম যেন না ছোড়া হয়’, আদালতে আর্জি ‘শঙ্কিত’ অভিষেকের, কণ্ঠস্বর দিতেই হবে, ধমক কোর্টের
ফাইল ছবি।

আদালতে দৌড়ে লাভ নেই! ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানালেন, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহারের  হুঁশিয়ারি দেন বিচারপতি। সাফ জানান, প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা করবেন। এরপরই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন, তা প্রত্যাহার করে নেন আইনজীবী। জানা যাচ্ছে, ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে তাঁর আর্জি, ডিম যেন না ছোড়া হয়।

Advertisement

বেশ কিছুদিন ধরেই ‘ডিজে মামলা’য় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন ‘যুবরাজ’। ‘ডিজে মন্তব্য’ তার-ই, স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কী? শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, ‘‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।’’ অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ কি না, উত্তর দিন। না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন।’’

Advertisement

এরপর অভিষেকের আইনজীবী দু’মিনিট বলার সময় চান। তাঁর সওয়াল, ‘‘আমার মক্কেল স্বীকার করছেন সেটি তাঁর কণ্ঠস্বর। গত ২৩ জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করেন। আমি একবারও দাবি করিনি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষাকবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে আমার দু’টি বক্তব্য রয়েছে। এক, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি। দুই, ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।’’ এরপর বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। সেই কারণেই ‘ব্ল্যাঙ্কেট প্রটেকশন’ দেওয়া হয়েছিল সাংসদকে। এরপরই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে, তার নিশ্চয়তাও চেয়েছেন। আদালত জানিয়েছে, ডিম হামলা যাতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.