Humayun Kabir

‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, তারপরই নবান্নে কবীর

CM Suvendu Adhikari: এই নিয়ে সংঘাতের আবহে এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হুমায়ুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৬:০৩

options
link
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, তারপরই নবান্নে কবীর
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হুমায়ুন কবীরের।

রাজ্যে পালাবদলের পর বিতর্কিত মন্তব্যের কারণে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ‘এটাই শেষ বক্তব্য’ হবে বলে তোপ দেগেছিলেন তিনি। এই নিয়ে সংঘাতের আবহে এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হুমায়ুন (Humayun Kabir)। মুর্শিদাবাদের উন্নয়ন ও এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে কথা হয় দু’জনের। হুমায়ুন নিজেই সোশাল মিডিয়ায় এই সাক্ষাতের খবর জানান।

Advertisement

এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেন হুমায়ুন। সোশাল মিডিয়ায় এদিনের বৈঠকের ছবি পোস্ট করেন তিনি। নওদার বিধায়ক জানান, একবার দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে অনেক আগেই মেসেজ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী নবান্নে সময় দিয়েছিলেন ৷ বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তাঁদের দেখা হয়। দু’জনের মধ্যে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে কথা হয় ৷ হুমায়ুন আরও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে মুখ্যমন্ত্রীর কাছে দুটি গুরুত্বপূর্ণ আবেদন করেন তিনি। হুমায়ুন মুখ্যমন্ত্রীর কাছে নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণের আবেদন করেন। পাশাপাশি রেজিনগর বিধানসভার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণেরও আবেদন জানান তিনি।

Advertisement

হুমায়ুন জানান, মুর্শিদাবাদের মানুষের দাবিগুলি গুরুত্ব দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান হুমায়ুন। তাঁর কথায়, “মুর্শিদাবাদ জেলার প্রতিটি মানুষের অধিকার, অগ্রগতি ও উন্নয়নের জন্য আমাদের এই প্রচেষ্টা নিরলসভাবে চালিয়ে যাব।”

Advertisement

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রেজিনগরে একটি জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবীর। ‘স্যাটাভাঙা মারের’ নিদান দেন তিনি। এই বিতর্কিত মন্তব্যের জেরে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, ‘‘এনাফ ইজ এনাফ। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের তুলব। তারপর আপনার কাছে যাব। আর এটাই আপনার শেষ বক্তব্য। এভাবে আপনাকে বেপরোয়া মন্তব্য আর করতে দেব না, দেব না, দেব না।” এরপরই সুর নরম করেন হুমায়ুন। এই পরিস্থিতিতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মুর্শিদাবাদের মানুষের দাবিদাওয়া তুলে ধরলেন হুমায়ুন কবীর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.