Aroop Biswas

প্রথম দফায় সওয়া ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘মুক্তি’ অরূপের, এবার গন্তব্য কোথায়?

২২ জুন অরূপকে ফের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৬:৩৮

options
link
প্রথম দফায় সওয়া ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘মুক্তি’ অরূপের, এবার গন্তব্য কোথায়?
ফাইল ছবি

সওয়া তিন ঘণ্টা পর বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মেসি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। তাঁকে ফের ২২ জুন থানায় হাজিরা দিতে বলা হয়েছে। থানা থেকে বেরিয়ে তিনি এবার কোথায় যাবেন সেই প্রশ্নই উঠছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রাক্তন মন্ত্রী বলেন, “বিচারাধীন বিষয়ে আমি কিছু বলব না। যা বলার কোর্টে বলব। একটাই কথা বলতে চাই, সত্যের জয় হবে, মিথ্যের নয়।”

Advertisement

মেসি কাণ্ডে অবশেষে বৃহস্পতিবার থানায় হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যে তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। তৈরি হচ্ছিল গ্রেপ্তারির আশঙ্কা! তিনি কোথায় আছেন তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন। এদিন যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হাজিরা দিতে পারেন, সেই ইঙ্গিত বুধবার রাতেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন শতদ্রু দত্ত দিতেছিলেন তাঁর সমাজমাধ্যমে। সেই মতো সকাল থেকেই থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারই মাঝে গোপন আস্তানা থেকে বেরিয়ে তদন্তের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস।

Advertisement

গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অভিযোগ জানান থানায়। যেখানে শতদ্রু দাবি করেন, মেসি সফরের জন্য ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। তার মধ্যে গা জোয়ারি করে ২২ হাজার টিকিট অরূপ নিজেই নিয়েছিলেন। আর তা অন্যত্র বিক্রিও করা হয়েছিল। এমনকী মেসির নিরাপত্তা প্রোটোকলও প্রাক্তন মন্ত্রী মানতে চাননি বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিস পাঠায় পুলিশ। একবার নয়, তিনবার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। যদিও এই মামলায় ইতিমধ্যে রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে জানিয়েছে হাই কোর্ট। তবে তদন্তে সবরকমভাবে অরূপ বিশ্বাসকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু তারপরেও তৃতীয় হাজিরা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী। এবার অবশেষে বৃহস্পতিবার তিনি থানায় হাজিরা দিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.