BJP

পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল

রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০০:২০

options
link
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
ফাইল ছবি।

পুরভোটকে সামনে রেখে দল সাজাচ্ছে বিজেপি। রাজ্য কমিটির পর এবার জেলাস্তরের কমিটিতেও হল রদবদল। শুক্রবারই দলীয় পদ থেকে সরানো হয়েছে একাধিক মন্ত্রীকে। আর এবার সাংগঠনিক জেলার ইনচার্জদের তালিকা প্রকাশ করা হল। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ পদ পেলেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। দলের মুখপাত্র হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল। সজল হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পছন্দের কর্মকর্তা। বর্ষীয়ান কাউন্সিলর কলকাতা পুরসভার।

Advertisement

সজলের পাশাপাশি আর এক গুরুত্বপূর্ণ নেতার নাম রয়েছে তালিকায়। মালদহ বিভাগে কো-কনভেনার করা হয়েছে শুভেন্দু সরকারকে। ওবিসি মোর্চা সভাপতি পদ থেকে সদ্য় সরানো হয়েছিল তাঁকে। শনিবার রাজ্যের শাসক দলের তরফে মোট ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম প্রকাশ করা হয়েছে। পুরভোটকে সামনে রেখে এই তালিকা বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে বলেই সূত্রের খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অমিতাভ রায় বনগাঁ জেলার ইনচার্জ হয়েছেন। দেবশ্রী চৌধুরী বসিরহাট। তাপস মিত্র উত্তর কলকাতা। প্রবাল রাহা বারাকপুর। প্রসেনজিৎ ভৌমিক মথুরাপুর। অনুপম মল্লিক শ্রীরামপুর। দীপাঞ্জন গুহ যাদবপুর। রাজু বন্দ্যোপাধ্যায় হুগলি ও নীলাঞ্জন অধিকারী ঘাটাল সাংগঠনিক জেলার ইনচার্জ হয়েছেন। বলে রাখা প্রয়োজন, শুক্রবার বঙ্গ বিজেপির সাংগঠনিকস্তরে একাধিক রদবদল করা হয়। মূলত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিকে মাথায় রেখেই তা করা হয়। রাজ্য কমিটির পদ থেকে বাদ দেওয়া হয় অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শঙ্কর ঘোষ, ইন্দ্রনীল খাঁর মতো মন্ত্রীদের। তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রী না হওয়া সত্ত্বেও শর্বরী মুখোপাধ্যায়কেও সরানো হয়েছে ওই পদ থেকে। যদিও একাধিক বিধায়ক জায়গা পেয়েছেন রাজ্য কমিটিতে। ৭ জেলার সভাপতি পদেও রদবদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বনগাঁ, বারাসাত, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া সাংগঠনিক জেলা। 

Advertisement

বলে রাখা প্রয়োজন, পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় ভোট রয়েছে। রাজ্যে মসনদে থাকলেও এই নির্বাচনকে মোটেও হালকাভাবে নিতে নারাজ বঙ্গ বিজেপি। একেবারে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে নেতৃত্ব। দফায় দফায় চলছে বৈঠক। ইতিমধ্যে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

এরই মধ্যে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। নয়া রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। তাঁর আগেই জেলাস্তরেও এদিন যেভাবে রদবদল করা হল তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.