TMC Account Freeze

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অস্বস্তিতে ‘কালীঘাট তৃণমূল’, কী জানাল হাই কোর্ট?

তৃণমূলে ডামাডোলের মাঝে একদা কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লেখেন অরূপ বিশ্বাস।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৪:৪৩

options
link
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অস্বস্তিতে ‘কালীঘাট তৃণমূল’, কী জানাল হাই কোর্ট?
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অস্বস্তিতে 'কালীঘাট তৃণমূল'

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আরও অস্বস্তিতে ‘কালীঘাট তৃণমূল’। তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। তা ব্যবহারের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সোমবার ওই মামলায় হস্তক্ষেপই করল না বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

Advertisement

তৃণমূলে ডামাডোলের মাঝে একদা কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লেখেন অরূপ বিশ্বাস। এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় লেখা চিঠিতে অরূপ নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে পরিচয় দেন। তাঁর বক্তব্য, ‘দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন। আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। ফলে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে স্পষ্ট নয়। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে, সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক। না হলে জটিলতা তৈরি হতে পারে।’

Advertisement

অরূপের সাফ কথা, যতক্ষণ না দলের কর্তৃত্ব সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ যেন অ্যাকাউন্টে কোনও লেনদেন না হয়। এমনকী দলীয় দপ্তরে তাঁর সই করা যে চেকগুলি রয়েছে সেগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করেন অরূপ। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন। তারপরই তদন্ত শুরু হয়।

Advertisement

ইডির দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। সম্প্রতি ১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে ব্যাঙ্ককে চিঠিও পাঠায় ইডি। তার আগেই অবশ্য ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘কালীঘাট তৃণমূল’। স্পেশাল অফিসারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ‘কালীঘাট তৃণমূল’ টাকা তুলতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে সোমবার বিচারপতি কৃষ্ণা রাও ওই মামলায় হস্তক্ষেপই করলেন না। তার ফলে কার্যকর হল না বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ। স্বাভাবিকভাবেই একুশে জুলাইয়ের আগে আরও অস্বস্তিতে ‘কালীঘাট তৃণমূল’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.