CITU

‘লাল পতাকাই জান’, গাড়িতে থাকবেই সিপিএমের প্রতীক! অনড় অ্যাপ ক্যাব চালক ফেরালেন যাত্রী

বাম শ্রমিক সংগঠনের সদস্য ওই চালক জানান, রাজনীতি নয়, ভালোবাসা-আদর্শের টানেই গাড়িতে স্টিকার লাগিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৩:০৪

options
link
‘লাল পতাকাই জান’, গাড়িতে থাকবেই সিপিএমের প্রতীক! অনড় অ্যাপ ক্যাব চালক ফেরালেন যাত্রী

নির্বাচনে ‘শূন্যতত্ত্ব’ নিয়ে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে। ছাব্বিশের ভোটে এক হয়েও সমালোচনা কিছু কমেনি। কিন্তু বামপন্থা স্রেফ সংসদীয় রাজনীতির বৃত্তে আটকে থাকার নয়, তার আসল স্থান জনতার মনন, নতুন করে ফের সেই আদর্শকে মনে করিয়ে দিলেন এক অ্যাপ ক্যাব চালক। বাম শ্রমিক সংগঠন সিআইটিউ-র সদস্য ওই চালক নিজের গাড়িতে সংগঠনের প্রতীক লাগিয়েছিলেন। তাতে আপত্তি তুলে এক যাত্রী স্টিকার খুলতে বলেন। তাতে রাজি হননি চালক। বরং তাঁর কাছে ওই কাজের চেয়ে যাত্রীকে ফেরানো শ্রেয় বলে মনে হয়েছিল। নিজ সিদ্ধান্তে অনড় থেকে অ্যাপ ক্যাব চালক জানিয়ে দেন, কোনও রাজনীতি নয়, ওই প্রতীক তাঁর আদর্শ-ভালোবাসা। তাই গাড়ি থেকে তা খুলতে পারবেন না। এই ঘটনার ভিডিও ভাইরাল। রোজকার জীবনে পেশার চেয়েও আদর্শকে গুরুত্ব দেওয়া এই বাম সদস্যকে কুর্নিশ করছেন নেটিজেনরা।

Advertisement

ঘটনা ঠিক কী ঘটেছে? শুক্রবার নিউটাউনের কাছ থেকে অ্যাপ ক্যাবে বুকিং আসে। চালক বুকিং গ্রহণ করেন ও ঠিকানা অনুযায়ী যাত্রীর কাছে পৌঁছে যান। যাত্রী গাড়িতে ওঠার পর চালককে বলেন, তাঁর গাড়িতে যে সিআইটিইউ-র প্রতীকটি রয়েছে, তা খুলতে হবে। চালক জানতে চান, কেন খোলার কথা বলছেন। যাত্রী জানান, কোনও গাড়িতে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকা কাম্য নয়। তাতে চালক তাঁকে সবিনয়ে জানান, বিষয়টা ঠিক রাজনীতির নয়। তিনি বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-র সদস্য। সংগঠন তাঁর আদর্শ, ভালোবাসা। তাই গাড়ি থেকে প্রতীক তিনি খুলতে পারবেন না। এরপর ক্ষোভের সুরে যাত্রী জানান, তিনি এই গাড়িতে যাবেন না, বুকিং বাতিল করে অভিযোগ জানাবেন। দিনে একজন যাত্রী বাতিল হলে বেশ খানিকটা আর্থিক ক্ষতি। তা স্বীকার করেও নিজের আদর্শ থেকে সরে আসেননি চালক। যাত্রীকে তিনি গাড়ি থেকে নেমে চলে যেতে বাধা দেননি। চালকের সঙ্গে বাদানুবাদের পর ওই যাত্রী অ্যাপ ক্যাবটির ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেখান থেকেই ঘটনা ভাইরাল হয়েছে।

Advertisement

Advertisement

সোশাল মিডিয়ায় নিজেই এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ওই অ্যাপ ক্যাব চালক। বেশ গর্বভরেই তিনি বলেন, ‘‘দু’বছর হল আমি সিআইটিইউ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। তারপর থেকে রাস্তাঘাটে বেরতে অনেক নিরাপদ বোধ করি। কোনও অন্যায় দেখলে এগিয়ে গিয়ে তা আটকানোর চেষ্টা করি। সংগঠন আমাদের আগলে রেখেছে। কোনও সমস্যা হলে পাশে দাঁড়ায়। এ তো আমার ভালোবাসার জায়গা। গাড়িতে স্টিকার লাগিয়েছি সেই ভালোবাসা থেকে, এর সঙ্গে রাজনীতির তেমন সম্পর্ক নেই। যাত্রীর অপছন্দ বলে সংগঠনের প্রতীক আমি কেন খুলব?” আসলে বামপন্থা তো এক আদর্শ। সেই আদর্শ অনুসারীরা রাজনীতির গণ্ডিতে বাঁধা নাও পড়তে পারেন। কিন্তু বুকের ভিতর সেই আদর্শের প্রদীপটুকু সর্বদা জ্বালিয়ে রাখেন তাঁরা। এই অ্যাপ ক্যাব চালক তাঁদেরই একজন।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.