চিলি চিকেনে আরশোলা! কাঠগড়ায় পার্ক স্ট্রিটের অভিজাত রেস্তরাঁ ‘ট্রিঙ্কাস’

খাবারের সঙ্গে আরশোলা পেটে গেলে তার দায় কে নিত, প্রশ্ন অভিযোগকারীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৮, ০৯:১৬

options
link
চিলি চিকেনে আরশোলা! কাঠগড়ায় পার্ক স্ট্রিটের অভিজাত রেস্তরাঁ ‘ট্রিঙ্কাস’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইপাসের চায়না পার্লের পর এবার পার্ক স্ট্রিটের অভিজাত বার কাম রেস্তরাঁ ট্রিঙ্কাস। চাইনিজ রেস্তরাঁয় খাবারে আরশোলা পাওয়া নিয়ে ধুন্ধুমার লেগেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি পার্ক স্ট্রিটের রেস্তরাঁতেও। তবে হুলস্থুল কারণ না বাধলেও কোনওরকম ক্ষমা চেয়ে দায় সারল কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষুব্ধ অভিযোগকারী। কীভাবে এই অভিজাত রেস্তরাঁর খাবারে আরশোলা পড়ে থাকে, প্রশ্ন অভিযোগকারীর। কোনওভাবে খাবারের সঙ্গে তা পেটে চলে গেলে কী মারাত্মক ব্যাপার হতে পারত তা ভেবেই শিউরে উঠছেন ওই যুবক। গোটা ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে। প্রচুর শেয়ার হচ্ছে তাঁর পোস্ট।

Advertisement

Advertisement
[অনলাইনে রেলের টিকিট যাচ্ছে দালালের হাতে, ধৃত এজেন্ট]

ঘটনা বুধবার রাতের। অভিযোগকারী যুবক তাঁর পরিবারের সঙ্গে ট্রিঙ্কাস-এ গিয়েছিলেন নৈশভোজ করতে। সেখানে পানীয়র পাশাপাশি চিলি চিকেন-সহ বেশ কিছু খাবার অর্ডার দেন। চিলি চিকেন খেতে গিয়ে তিনি লক্ষ্য করেন, খাবারের মধ্যে রয়েছে আস্ত একটি আরশোলা। দেখতে পেয়েই টেবিল ম্যানেজারকে বিষয়টি জানান তিনি। খাবারের মধ্যে সেটি কীভাবে এল তা বলতে পারেন না ওই ম্যানেজার। এরপর, রেস্তরাঁ কর্তৃপক্ষকে এর জন্য জবাবদিহি করতে বলেন অভিযোগকারী। তখন সামান্য ক্ষমা চেয়ে দায় সারে রেস্তরাঁ কর্তৃপক্ষ। ম্যানেজার বলে, কোনওভাবে হয়তো খাবারের মধ্যে পড়ে গিয়েছে আরশোলাটি। কিন্তু প্রশ্ন হল, ট্রিঙ্কাস-এর মতো এমন নামী রেস্তরাঁয় খাবারের মধ্যে কীভাবে আরশোলা পড়ে? আর তার জন্য সামান্য ক্ষমা চেয়ে দায় এড়ানো যায় কি?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[শহরে প্রতি ধাপে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ছে ১ টাকা করে]

অভিযোগকারীর বক্তব্য, যদি আরশোলা খাবারের সঙ্গে পেটে চলে যেত তাহলে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত। তখন তার দায় কে নিত, প্রশ্ন তাঁর। তিনি বৃহস্পতিবার সকালেই বিষয়টি উপভোক্তা বিষয়ক দপ্তরের নজরে আনেন। সেখানে অভিযোগ দায়ের করেন রেস্তরাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, বছর দুয়েক আগে কলকাতারই আরেক অভিজাত রেস্তরাঁ মোক্যাম্বো-য় ময়লা পোশাকের অজুহাত দেখিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে। পেশায় চালক সেই ব্যক্তিকে নিয়ে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন এক ভদ্রমহিলা। ঢুকতে বাধা পেয়ে ফেসবুকে ঘটনার কথা পোস্ট করে নেটিজেনদের গোচরে আনেন ওই মহিলা। সাড়া পড়ে যায় সর্বত্র। ওঠে নিন্দার ঝড়। তারপর সোশ্যাল মিডিয়াতেই ক্ষমা চাইতে বাধ্য হয় মোক্যাম্বো। এক্ষেত্রেও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন অভিযোগকারী। একেই ভাগাড় আতঙ্কে রেস্তরাঁয় খেতে যেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। তার উপর নামী রেস্তরাঁয় যদি এমন খাবারে আরশোলা, পোকামাকড়ের দেখা মেলে তবে তার দায় কে নেবে? চিন্তায় আমজনতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.