Sujit Bose

দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির

সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গোটা রাজ‍্যে মোট ২৫০ কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৮:০৪

options
link
দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির
সুজিতের বিরুদ্ধে চার্জশিট ইডির। ফাইল ছবি।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। শুধু সুজিত নন, তাঁর ছেলে সমুদ্র বসুর নামেও চার্জশিট দেওয়া হয়েছে। এ ছাড়াও তাঁর দুই সংস্থা এবং আমলা তথা সেই সময় ডিরেক্টর অব ডিএলপি জ‍্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ইডি চার্জশিটে দাবি করেছে, ৩৪০ জনের থেকে কমবেশি ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন অভিযুক্ত সুজিত। তার মধ্যে ২৮৪ জন অবৈধ উপায়ে নিয়োগ পেয়েছিলেন। সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গোটা রাজ‍্যে মোট ২৫০ কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি।

Advertisement

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিস পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি।

Advertisement

তৃণমূল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সহযোগিতায় গত ১ মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ সময় কাটিয়ে তিনি বেরোন। তারপর ফের ১১ মে তাঁকে তলব করা হয়। সেই দিনই গভীর রাতে গ্রেপ্তার করা হয় সুজিতকে। এবার সুজিত, তাঁর ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.