তিলোত্তমার মানবিক মুখ, পথচারীদের তৎপরতায় বাঁচল বৃদ্ধের জীবন 

সুস্থ হয়ে উঠেছেন ওই বৃদ্ধ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৮, ১৬:৫৩

options
link
তিলোত্তমার মানবিক মুখ, পথচারীদের তৎপরতায় বাঁচল বৃদ্ধের জীবন 

অরিজিৎ সাহা: কংক্রিটের জঙ্গলে আজও হারিয়ে যায়নি মানবিকতা। আজও তিলোত্তমার বুকে বিপদগ্রস্ত পথিকের জন্য এগিয়ে আসে সাহায্যের হাত। পরিচিত না হলেও অজানা মুখগুলিই ভরসা যোগায়। মানবিকতার এমনই উদাহরণ ফের দেখা গেল শহরের বুকে। প্রচণ্ড গরমে মাথা ঘুরে পড়ে যান ৭০ বছরের এক বৃদ্ধ। তাঁর সাহায্যে এগিয়ে আসেন পথচলতি মানুষ ও পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত খানিকটা সুস্থ হয়ে উঠেছেন ওই বৃদ্ধ।

Advertisement

[হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের, শোকের ছায়া বাঁকুড়া মেডিক্যালে]

Advertisement

ঘটনাটি বিবাদি বাগের নির্মীয়মাণ মেট্রো স্টেশনের কাছে ঘটে। বুধবার দুপুরে ওই জায়গা দিয়ে দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বছর সত্তরের অমিতাভ বিশ্বাস। তাঁর বাড়ি যাদবপুরের গরফা এলাকায়। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। বৃদ্ধকে পড়ে যেতে দেখে প্রায় সঙ্গেসঙ্গেই দৌড়ে আসেন মেট্রো প্রকল্পের কর্মীরা ও পথচলতি মানুষ। পৌঁছে যান সেখানে মজুত পুলিশকর্মীরাও। এরপর পুলিশের অ্যাম্বুলেন্সে অমিতাভবাবুকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। এক সদাশয় ব্যক্তি ফোন করে অমিতাভবাবুর বাড়িতে খবর দেন। তারপরই হাসপাতালে পৌঁছান বৃদ্ধের ভাইপো রাজা বিশ্বাস। তিনি জানান, এখন সুস্থ আছেন অমিতাভবাবু।

Advertisement

ঘটনার পর রাজা বিশ্বাস বলেন, “দাদার সঙ্গে দেখা করার জন্য কাকা বাড়ি থেকে বেরিয়েছিলেন। আমি কালিঘাটে মেট্রো ধরার জন্য অপেক্ষা করছিলাম তখনই তাঁর অসুস্থতার কথা আমাকে জানানো হয়। ফোন পেয়েই পিজিতে যাই। ভগবানকে অনেক ধন্যবাদ তিনি সুস্থ আছেন।” তিনি আরও জানান, ব্রেনের সিটি স্ক্যান করার কথা বলেছেন চিকিৎকরা। প্রাথমিকভাবে প্রচণ্ড গরমেই অসুস্থ হয়ে পড়েছেন অমিতাভবাবু বলে মনে করা হচ্ছে। তবে সিটি স্ক্যানের রিপোর্ট এলে সমস্ত বিষয় পরিষ্কার হবে। পেশায় ব্যবসায়ী রাজাবাবু জানান, প্রচণ্ড গরমে কাকাকে বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছিল। তাতে কর্ণপাত করেননি তিনি। আপাতত তিনি ভাল হয়ে উঠুন এটাই চাইছে পরিবারের সদস্যরা।

[চোর ফেলে গিয়েছে ট্রলি ব্যাগ, বোমার আতঙ্কে হুলস্থুল যতীন দাস পার্কে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.