নিরাপত্তা প্রশ্নে জেরবার মেট্রো, এবার স্টেশনে বেসরকারি নিরাপত্তারক্ষী

বাড়ানো হচ্ছে সিসিটিভিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২১:১৪

options
link
নিরাপত্তা প্রশ্নে জেরবার মেট্রো, এবার স্টেশনে বেসরকারি নিরাপত্তারক্ষী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিকেয় শহরের গৌরব মেট্রোর নিরাপত্তা। একের পর এক অভিযোগে কোণঠাসা কর্তৃপক্ষ। গোদের উপর বিষফোড়া সদ্য মেট্রোয় যুগল হেনস্তা। পালটা ‘হোক আলিঙ্গন’ প্রতিবাদ। সব মিলিয়ে কার্যত কাঠগড়ায় মেট্রো কর্তৃপক্ষ। ফলে এবার মান রক্ষার উদ্যোগ নিয়ে মেট্রো স্টেশনগুলিতে বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

[প্রকাশ্য শৌচ বন্ধ করতে গ্রামে নিজের হাতে শৌচালয় গড়ছেন ৮৭ বছরের বৃদ্ধা]

Advertisement

শুক্রবার, মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, স্টেশনগুলির নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর কর্তৃপক্ষ। সদ্য ঘটে যাওয়া ঘটনার দিকে নজর রেখে নিরাপত্তার বিষয়টি আউটসোর্স করা হবে। স্টেশনগুলিতে নিরাপত্তার জন্য এবার প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে রক্ষী নিয়োগ করা হবে। পাশাপাশি স্টেশনগুলিতে বসানো হবে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। তিনি আরও জানান, বর্তমান প্রায় ৫৬১টি সিসিটিভি ক্যামেরা রয়েছে নজরদারির জন্য। আরও ২৫০টি ক্যামেরা আনা হচ্ছে।

Advertisement

তবে কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বললেও তা আদৌ কতটা নিশ্চিত করা যাবে সেই প্রশ্ন থাকছেই। অভিযোগ, একাধিক মেট্রো স্টেশনে বিকল এক্স-রে মেশিন। কাজ করে না ডোরফ্রেম মেটাল ডিটেক্টর। আরপিএফ জওয়ানদের মধ্যেও রয়েছে গা ছাড়া ভাব। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের লাইফলাইনের নিরাপত্তায় রয়েছে চূড়ান্ত গলদ। যেকোনও আপৎকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য কোনপ পরিকাঠামোও সেই অর্থে নেই স্টেশনগুলিতে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দমদম মেট্রো স্টেশনে সহযাত্রীদের হাতে আক্রান্ত হয় এক যুগল। হামলাকারীদের মধ্যে অনেকেই ছিলেন প্রবীণ নাগরিক। হামলাকারীদের অভিযোগ, অত্যন্ত ঘনিষ্ঠভাবে কামরায় দাঁড়িয়েছিল ওই যুগল যা অশালীন। এই ঘটনায় আরও একবার মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। যাত্রীদের একাংশের অভিযোগ, হামলার সময় নীরব দর্শক ছিলেন নিরাপত্তারক্ষীরা। দমদমের মতো ব্যস্ত স্টেশনে এহেন ঘটনায় বয়ে যায় নিন্দার ঝড়। প্রশ্নের মুখে পড়ে মেট্রো কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

[সন্ত্রাসবাদী দলে এমবিএ-পিএইচডি ডিগ্রিধারীরা, সরকারি তথ্যে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.