Rath Yatra 2026

মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির

প্রত্যেক থানার ওসিকে পুলিশ কমিশনারের নির্দেশ, কলকাতায় যে রুটগুলি ধরে রথযাত্রা হয়, তার ম‌্যাপিং করতে হবে। নতুন কোনও রথযাত্রা বের হচ্ছে কি না, তা-ও জানতে হবে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১২:৫৮

options
link
মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির
কলকাতার রথ। ফাইল ছবি।

শহরে কোন কোন রাস্তা ধরে ক’টি রথযাত্রা হয়, থানাগুলিকে তার ম‌্যাপিং করার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। থানার ওসিদের বৈঠক করতে হবে রথযাত্রার (Rath Yatra) উদ্যোক্তাদের সঙ্গেও। রথের মেলাগুলি যাতে সুষ্ঠুভাবে হয়, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। রথের সঙ্গে সঙ্গে এখন থেকেই পুজোর আইন ও শৃঙ্খলা রক্ষার ব‌্যাপারে থানাগুলিকে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

Advertisement

মঙ্গলবার ভার্চুয়াল পদ্ধতিতে প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দা। ইতিমধ্যেই মহাপ্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা শেষ হয়েছে। এবার রথযাত্রার আয়োজন চলছে। তার আগেই প্রত্যেক থানার ওসিকে পুলিশ কমিশনারের নির্দেশ, কলকাতায় যে রুটগুলি ধরে রথযাত্রা হয়, তার ম‌্যাপিং করতে হবে। নতুন কোনও রথযাত্রা বের হচ্ছে কি না, তা-ও জানতে হবে। কিছু জায়গায় এলাকার বাসিন্দা ও অনেক জায়গায় কয়েকটি বাড়ি বা পরিবারের পক্ষ থেকেও রথযাত্রার আয়োজন করা হয়। প্রয়োজনে প্রত্যেকটি রথযাত্রার সঙ্গে পুলিশ থাকতে পারে। প্রত্যেক রথযাত্রার উদ্যোক্তার সঙ্গে বৈঠক করতে হবে।

Advertisement

গত বছর রথযাত্রা ঘিরে কোনও সমস‌্যা হয়েছিল কি না, হয়ে থাকলে সেই সমস‌্যা যাতে এই বছর না হয়, সেই ব‌্যাপারে নিশ্চিত হতে হবে। যে রুট ধরে রথ যাবে, সেই রাস্তাগুলির অবস্থা জানতে হবে থানাগুলিকে। কোনও রাস্তা খারাপ থাকলে এই ক’দিনের মধ্যে পুরসভার সাহায‌্য নিয়ে মেরামতি করতে হবে। রথের মেলাগুলির তালিকা তৈরি করে সেখানে যাতে আইন ও শৃঙ্খলার কোনও সমস‌্যা না হয়, তার জন‌্য পর্যাপ্ত পুলিশি ব‌্যবস্থাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ কমিশনারের নির্দেশ, পুজোর এখনও কয়েক মাস বাকি। কিন্তু এখন থেকেই থানার ওসিদের নিজেদের এলাকার পুজোগুলির ব‌্যাপারে খবরাখবর নিতে হবে। কোনও পুজো নিয়ে আগে বিতর্ক সৃষ্টি হয়েছিল কি না, বা হতে পারে কি না, একন থেকেই তা খতিয়ে দেখতে হবে। এবার ক’টি পুজোর কমিটির পরিবর্তন হয়েছে, সেখানে কার কারা আছেন, তার খোঁজ নিতে হবে থানাগুলিকে। ক্লাবের পরিবর্তন নিয়ে কোনও সমস‌্যা রয়েছে কি না পুলিশকে তা-ও জানতে হবে। কোন পুজোয় কতটা ভিড় হতে পারে, এখন থেকেই সেই ব‌্যাপারে ধারণা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.