lalbazar

থানায় থানায় ঘোরার দিন শেষ! জিরো এফআইআরের তদন্তে দেরি হলে করতে হবে জবাবদিহি

জিরো এফআইআর দায়ের হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলা পাঠাতে হবে মামলা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৯:৫৪

options
link
থানায় থানায় ঘোরার দিন শেষ! জিরো এফআইআরের তদন্তে দেরি হলে করতে হবে জবাবদিহি
ফাইল ছবি।

জিরো এফআইআর নিয়ে কড়া নির্দেশ কলকাতার পুলিশ কমিশনারের। জিরো এফআইআরের তদন্তে কোনওরকম বিলম্ব হলে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে। জিরো এফআইআর দায়ের হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলা পাঠাতে হবে মামলা। দ্রুত তদন্ত শুরু নিশ্চিত করতে হবে জিরো এফআইআর হওয়া থানার ওসি’কে। তদন্তের অগ্রগতিতে বিলম্ব হলে করতে হবে জবাবদিহি।

Advertisement

আজ, রবিবার জিরো এফআইআর নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। নির্দেশিকায় বলা হয়েছে, জিরো এফআইআরের ক্ষেত্রে পদক্ষেপ করতে যেন কোনও বিলম্ব না হয়। দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলাটি পাঠাতে হবে। যে থানায় জিরো এফআইআর দায়ের হবে সেই থানার ওসি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগ করে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করবেন। মামলা পাঠানোর সময় ঘটনার সব তথ্য সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। এছাড়াও ঘটনার সময়কার প্রাসঙ্গিক তথ্য, অভিযোগকারীর ফোন নম্বরও দিতে হবে। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধ, যেমন, ধর্ষণ, শ্লীলতাহানি, মারধরের ঘটনায় অবিলম্বে সংশ্লিষ্ট ডিভিশনাল ডেপুটি কমিশনারকে জিরো এফআইআরের ব্যাপারে জানাতে হবে।

Advertisement

নির্দেশিকায় লেখা হয়েছে, কলকাতা পুলিশের আওতাধীন এলাকা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও জিরো এফআইআরের ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব হয়। জিরো এফআইআরের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে মামলার নিষ্পত্তি হতে সময় লেগে যাবে। এই এফআইআরের ক্ষেত্রে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে অভিযোগকারীকে জানাতে হবে। পুলিশ কমিশনারের এই কড়া নির্দেশের পর ফৌজদারি মামলায় জিরো এফআইআরের ক্ষেত্রে থানায় থানায় ঘুরে বেড়ানোর দিন শেষ হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.