Madan Mitra

কাতার যাত্রায় কাঁটা বিধানসভা অধিবেশন, বিশ্বকাপ দেখতে যাওয়ার সফর পিছোলেন মদন মিত্র

ইচ্ছেপূরণ ও দায়িত্ব পালন একসঙ্গেই করবেন তৃণমূল বিধায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২২, ১৫:০৫

options
link
কাতার যাত্রায় কাঁটা বিধানসভা অধিবেশন, বিশ্বকাপ দেখতে যাওয়ার সফর পিছোলেন মদন মিত্র
২০২২ সালে কাতার বিশ্বকাপের সময়ে আরবের শেখ রূপে মদন মিত্র।

নব্যেন্দু হাজরা: কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর আর পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশন – দুইই শুরু হওয়ার কথা প্রায় একই সময়ে। কোনটা বাদ দিয়ে কোনটায় থাকবেন, সেই দ্বন্দ্ব কাটিয়ে ওঠা বড়ই মুশকিলের ছিল। তাই তো নিজের ইচ্ছা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন সর্বময় নেত্রীর উপর। ইচ্ছের কথা জানিয়ে আবেদন করেছিলেন। আবেদনে আংশিক সাড়া মিলল বলা যেতেই পারে। বিশ্বকাপের ডে-ওয়ান থেকে না হলে কয়েকদিন পর কাতার গিয়ে উপস্থিত হবেন জনপ্রিয় তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি সাপেক্ষে কাতার সফরসূচি পিছিয়ে দিলেন তিনি। একুশে নভেম্বরের বদলে যাবেন ২৪ নভেম্বর।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথম দিন সূচনার পর সপ্তাহান্ত পড়ায় কাজের দিন শুরু হবে সোমবার, ২১ নভেম্বর থেকে। ওইদিনই কাতার যাওয়ার কথা ছিল মদন মিত্র। তাঁর ক্রীড়াপ্রেমের কথা কে না জানে? রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর সামলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) । বিশ্ব ফুটবলের যে একনিষ্ঠ দর্শক তিনি – সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতিতে নিজের পছন্দমতো দিনে সফর করতে পারছেন না। তবে একটু দেরিতে যাওয়ার জন্য আক্ষেপ নেই তেমন।

Advertisement

[আরও পড়ুন: মোদি-শাহ ব্যস্ত গুজরাট ভোটের প্রচারে, পিছোল সংসদের শীতকালীন অধিবেশন]

২০ নভেম্বর থেকে কাতারে ফুটবলের মহারণ (Qatar World Cup 2022) শুরু হচ্ছে। মদন মিত্র চেয়েছিলেন, উদ্বোধনের পরদিন, ২১ নভেম্বর কাতার উড়ে যেতে। কিন্তু ওই সময় অধিবেশন চলবে। প্রথম কয়েকদিন বিধায়কদের উপস্থিতি কাম্য, বিশেষত শাসকদলের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও স্পিকার মদন মিত্রকে জানিয়েছেন, ২১ তারিখ যাওয়া চলবে না। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, অধিবেশনের তিনটি দিন বিধায়ক অধিবেশনে যোগ দেবেন। প্রয়োজনীয় কাজ সেরে ফেলবেন তারই মধ্যে। এরপর ২৪ তারিখ ভোরে কাতার রওনা হবেন। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাতার মহারণ দেখবেন।

[আরও পড়ুন: দিল্লিতে মোদির আমন্ত্রণে বৈঠকে মমতা, রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা]

এরপর ফিরে আসবেন কলকাতায় (Kolkata)। অধিবেশনের শেষ ধাপে আবার যোগ দেবেন মদন মিত্র। তারপর আবার ডিসেম্বরে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালের ম্যাচ দেখতে যাবেন মরুদেশে। আসল কথা, ইচ্ছেপূরণ ও দায়িত্ব পালন – দুইই একসঙ্গে করতে মরিয়া তৃণমূলের জনপ্রিয় বিধায়ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.