নব্যেন্দু হাজরা: এক নিম্নচাপের উপর আরেক নিম্নচাপ। একটানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। সুস্পষ্ট নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে আবার ওড়িশা উপকূলে নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত। রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকত সর্তকতা জারি করা হয়েছে।
[আরও পড়ুন:আপাতত জমা দিতে হবে শুধু জুন মাসের সংশোধিত বিল, CESC’র ঘোষণায় স্বস্তিতে গ্রাহকরা]
শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০.২ মিলিমিটার।
আজ, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এলাকায়। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
[আরও পড়ুন: একুশের আগে ফের শক্তিবৃদ্ধি তৃণমূলের, শাসক শিবিরে যোগ দিলেন কার্তিক দাস বাউল]
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। নিম্নচাপের জেরে ২৫ আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা উত্তরবঙ্গে নেই।
সর্বশেষ খবর
-
ভোটের লড়াই, পথের লড়াই! পুরনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় কর্মসূচি বামেদের
-
পদ্মের হাতেই পঞ্চায়েতের ‘রিমোট’, বোর্ড তৃণমূলের থাকলেও বীরভূমে পছন্দের মুখ বসানোর ছক বিজেপির!
-
পুজোর আগেই হেঁশেলে আগুন! ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু কত দর?
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি