Aroop Biswas

অরূপ-স্বরূপের বাড়িতে ‘রহস্যময় ঘর’, ডিজিটাল লক ভাঙতে তৎপরতা শুরু পুলিশের

ওই ঘরটির ডিজিটাল লকের কোড দিতে পারেননি স্বরূপ বিশ্বাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৯:৩৯

options
link
অরূপ-স্বরূপের বাড়িতে ‘রহস্যময় ঘর’, ডিজিটাল লক ভাঙতে তৎপরতা শুরু পুলিশের
ফাইল ছবি।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সাহাপুর কলোনির ফ্ল্যাটে একটি রহস্যময় ঘরের সন্ধান পেল পুলিশ। এই ঘরে ডিজিটাল লক করা আছে। সেই লক ভাঙতে তৎপরতা শুরু করেছে পুলিশ। সোমবার ধৃত স্বরূপকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। স্বরূপ ওই ঘরটির ডিজিটাল লকের কোড দিতে পারেননি। রুমটি খোলার জন্য চাবি ভাঙার লোকও নিয়ে আসা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই ঘর খোলা সম্ভব হয়নি। ওই ঘরটিতে কী রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

মেসি কাণ্ডে এখনও থানায় হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কলকাতা হাই কোর্টে পাননি রক্ষাকবচও। তাঁকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে আগেই অরূপের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। আজ স্বরূপকে নিয়ে বেহালার সাহাপুর কলোনিতে যায় বিশাল পুলিশ বাহিনী। সেখানে তাঁর বাড়িতে কয়েকঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই একটি রহস্যময় ঘরের সন্ধান পায় পুলিশ। ঘরটিতে ডিজিটাল লক করা রয়েছে। লক খুলতে তৎপরতা শুরু করেছে পুলিশ। স্বরূপের থেকে ডিজিটাল লকের কোড চাওয়া হলে তিনি বলতে পারেননি। এরপরই চাবিওয়ালাকে নিয়ে আসে পুলিশ। কিন্তু লকটি ডিজিটাল হওয়ায় চাবিওয়ালাও তা খুলতে পারেননি। অন্যপথে এই ঘর খোলা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ঘরে একাধিক গুরুত্বপূর্ণ নথি লুকোনো থাকতে পারে।

Advertisement

একসময়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন অরূপ বিশ্বাস। বিগত সরকারের আমলে মন্ত্রী হিসাবে বিদ্যুৎ, ক্রীড়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। সে প্রভাব কাজে লাগিয়ে স্বরূপ বিশ্বাস নানা কুকর্ম করেছিলেন বলেই অভিযোগ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে জমিদখল করে সুরুচি সংঘের মতো নামজাদা ক্লাব চালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ক্লাবঘরের দ্বিতীয় তলায় বিলাসবহুল হোটেলের বন্দোবস্ত করে দুষ্কর্ম চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। তাঁর ছত্রছায়ায় বাড়বাড়ন্ত অরূপের ভাই স্বরূপ বিশ্বাসেরও। দু’জনে মিলে টলিউডে একনায়কতন্ত্র চালাতেন বলেই অভিযোগ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌনহেনস্তা, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। সেই অভিযোগ ইতিমধ্যে পুলিশের জালে স্বরূপ। মেসি কাণ্ডে ক্রমশ বিপদ বাড়ছে অরূপ বিশ্বাসেরও। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এবার অরূপ ও স্বরূপের বাড়িতে রহস্যময় ঘরের সন্ধান পেল পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.