West Bengal Weather Update

কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?

সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ শুক্রবার এবং আগামী রবিবার বিশেষভাবে সতর্কতা রয়েছে। বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৫:০৪

options
link
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
৪ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে।

আষাঢ় আর দূরে নয়, শুক্রবার, ২১ জৈষ্ঠ্যের ভোরে কলকাতা শহর ও শহরতলির আকাশ সেকথা বুঝিয়ে দিয়েছে। এদিন ভোরে বৃষ্টি নামে মুষলধারে। তীব্র গরমের পর কাঙ্ক্ষিত বর্ষণ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। যদিও আসল প্রশ্ন, মেঘের এই সফর কি সাময়িক? ফের কষ্ট পেতে হবে ভ্যাপসা গরমে? না, মোটের উপর ভালো খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সারা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রাক বর্ষার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। অর্থাৎ কিনা বঙ্গের দুই প্রান্তেই আপাতত বৃষ্টিরাজ!

Advertisement

সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ শুক্রবার এবং আগামী রবিবার বিশেষভাবে সতর্কতা রয়েছে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে । আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। ফলে এই জেলাগুলিতে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা কমবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস! গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ২২.৬ মিলিমিটার।

Advertisement

এদিকে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতে। হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গ এবং বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই রাজ্যের আকাশে কালো মেঘের ঘনঘটা। 

Advertisement

প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ের তিনদিন পর ৪ জুন কেরলে বর্ষার প্রবেশ করেছে। কেরলের সঙ্গে সঙ্গে তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। মৌসম ভবন জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে ঢুকে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ, আষাঢ় আর দূরে নয়, বার্তা দিচ্ছে মেঘ-দূত। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.