অভিরূপ দাস: মাঝরাত৷ পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে বাস৷ গভীর ঘুমে যাত্রীরা৷ চোখ লেগে এসেছে চালকেরও৷ সামান্য ভুলে যাত্রীবোঝাই বাস পড়েই যাচ্ছিল অতলে৷ তবে সে যাত্রায় তাদের প্রাণ বাঁচিয়ে দিল অ্যালার্ম৷ গাড়ির বনেটের কিম্ভুত জিনিসটায় হাত ঠেকালেন চালক৷ ভাগ্যিস পরেছিলেন টুপিটা৷
কিসের এই টুপি? কেমন করে বাসটিকে বাঁচাল দুর্ঘটনার হাত থেকে? যাদবপুরের গবেষক অমিত কোনার বলছেন এর সৌজন্যে ‘কগনিটিভ ফেইলিওর ডিটেকশন ইন ড্রাইভিং৷’ নামটি খটোমটো৷ তবে নয়া এই আবিষ্কার বদলে দেবে রোজকার দুঃসংবাদ৷ চালকের মাথায় থাকবে বিশেষ এই টুপি৷ যার ভেতরে বোতামের মতো অংশগুলি মস্তিষ্ক থেকে সিগনাল নেবে৷ সেই সিগনাল যাবে অ্যালার্ম বক্সে৷ তন্দ্রায় চোখ লেগে এলে, কিংবা চালক অন্যমনস্ক হলেই ঝনঝন করে বাজবে অ্যালার্ম৷
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রাজপথে বছরে চারহাজারের উপর দুর্ঘটনা ঘটে৷ যার বেশিরভাগ সামান্য ভুলের জন্য৷ ইন্ডিকেটর জ্বালালে, ঠিক সময়ে ব্রেক কষলে, গতি কমালে এড়ানো যাবে এরকম হাজারও দুর্ঘটনা৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অমিত কোনারের গাইডেন্সে গবেষক অনুরাধা সাহার গবেষণা শুরু হয় এই নিয়েই৷ গাড়ির চালকদের সঙ্গে কথা বলে দেখা গিয়েছে, মোট তিন ধরনের ভুলেই দুর্ঘটনার বৃহস্পতি তুঙ্গে৷ ভিসুয়াল ফেইলিওর, মোটর প্ল্যানিং অ্যাটেনশন ফেইলিওর, মোটর এক্সিকিউশন ফেইলিওর৷ ঠিকমতো পরিকল্পনা করলে এড়ানো যায় সবক’টিই৷
গাড়ি চালানোর সময় কখন ব্রেক কষতে হবে, লাল সিগনালে কখন দাঁড়াতে হবে, কখন গতি বাড়াতে হবে, সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক৷ মাথার তিনটি অংশ থেকে বার্তা গেলে তবেই কাজ করে হাত-পা৷ অক্সিপিটাল রিজিয়ন, প্যারাইটাল রিজিয়ন, মোটর কর্টেক্স রিজিয়ন৷ চাপ পড়ে ব্রেকে, এক্সিলেটরের সামান্য চাপে বেড়ে যায় গতি৷ অমিত কোনারের কথায়, “অনেক সময় আমরা অন্যমনস্ক থাকি৷ সেক্ষেত্রে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করবে এই যন্ত্র৷” রাতের ট্রাকচালকদের ক্ষেত্রে প্রায়শই এরকম ‘সিলি মিসটেক’ হয়৷ ট্রাকচালকরাও অনেক সময় মাদকাচ্ছন্ন থাকেন৷ সেক্ষেত্রে সম্বিত ফেরাতে পারে অ্যালার্মের আওয়াজ৷ টুপি মাহাত্যেই এড়ানো যেতে পারে বড় দুর্ঘটনা৷
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের