সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড রোডে মুখ্যমন্ত্রীর দুর্গা কার্নিভালের সমালোচনা করে বিপাকে এক তরুণী৷ সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্ট হোর্ডিং হিসেবে টাঙানো হয়েছে দমদম এলাকায়৷ ঘটনায় অস্বস্তিতে ওই তরুণী৷
জানা যাচ্ছে, দমদমেরই বাসিন্দা ওই তরুণী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী৷ গত শুক্রবার মুখ্যমন্ত্রীর আয়োজিত ‘পুজো শেষের ঠাকুর দেখা’ নিয়ে সে কিছু মতামত জানায় তাঁর ফেসবুক পোস্টে৷ সে আলোচনায় অংশ নেন তাঁর বন্ধুরাও৷ ওই তরুণীর মত ছিল, সারা বাংলায় যখন চাকরি নেই, তখন এরকম একটা কার্নিভাল করা অর্থহীন৷ অভিযোগ, এই সমালোচনা করতে গিয়েই ভাষা ব্যবহারে মুখ্যমন্ত্রীকে একরকম অপমান করেন ওই ছাত্রী৷ এমনকী মুখ্যমন্ত্রীকে জলে বিসর্জন দেওয়া উচিত- এরকম কথাও লেখা ছিল তাঁর পোস্টে৷ পরে তাঁর পোস্টই হোর্ডিংয়ে ছাপিয়ে টাঙিয়ে দেওয়া এলাকায়৷ দমদমের ৮ নং ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে এই হোর্ডিং টাঙানো হয়েছে৷ জানা যাচ্ছে, ক্ষুব্ধ এলাকাবাসীর অনেকেই মনে করছেন, যদি কোনও ছাত্রীর মুখ্যমন্ত্রীকে এভাবে এই ভাষায় সমালোচনা করার অধিকার থাকে, তবে পাল্টা সমালোচনার অধিকার আছে অন্যান্য নাগরিকদেরও৷
প্রাথমিকভাবে অভিযোগের তির তৃণমূলের দিকে উঠলেও, তা অস্বীকার করা হয়েছে৷ এলাকার তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্র জানিয়েছেন, “এই হোর্ডিং আসলে সিপিএমের প্রোপাগাণ্ডা৷ এই ছাত্রী এসএফআই-এর সক্রিয় সদস্য৷ তবে যতক্ষণ না অধিবাসীরা আমাকে লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন, ততক্ষণ আমি এই হোর্ডিং সরাবো না৷ কেননা তাহলে অনেকে ভাবতে পারেন আমিই এই হোর্ডিং টাঙিয়েছি৷”
তবে এলাকার কেউ কেউ ওই তরুণীকে সমর্থনও করেছেন৷ তাঁদের মতে, সুস্থ গণতান্ত্রিক পরিবেশে সকলেরই সরকারের সমালোচনা করার অধিকার আছে৷ তবে এই পরিস্থিতি তৈরি হওয়ায় আপাতত বিব্রত ওই তরুণী৷
সর্বশেষ খবর
-
মেসিকে ছাড়, ভিনির বেলায় ফাউল! রেফারির বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকল ক্ষুব্ধ ব্রাজিল
-
খাঁচায় বন্দি পাখি আর স্বাধীনতার অসহনীয় ভার! ‘পিঞ্জর’-এর ট্রেলার যেন সমাজের আয়না
-
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী
-
খুনিদের ফাঁসি নিশ্চিত! বাগনানে তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের