বঙ্গে পালাবদল
TMC

হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদ, ‘বুলডোজার সংস্কৃতি’র প্রতিবাদে বৃহস্পতিতে পথে নামছে তৃণমূল

২১ মে ফলতায় বিধানসভার পুনর্নির্বাচনের দিনই হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৯:৪৭

options
link
হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদ, ‘বুলডোজার সংস্কৃতি’র প্রতিবাদে বৃহস্পতিতে পথে নামছে তৃণমূল
কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে নবনির্বাচিত সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর থেকে একের পর এক অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সব নির্মাণের উপর চলছে বুলডোজার। পালাবদলের পর রেলের জায়গায় দখলদার সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালিয়ে দখলদারদের অবৈধ, অস্থায়ী ঝুপরি ভেঙে ফেলা হয়েছে। এভাবে হকারদের জোর করে উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার পথে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। ২১ মে ফলতায় বিধানসভার পুনর্নির্বাচনের দিনই হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে।

Advertisement

আজ কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “হকারদের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সরকার আমাদের সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে।” সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করেন মমতা। বিধায়কদের তিনি আরও বলেন, আগামিদিনে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত হবে বিজেপি।

Advertisement

২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে। উল্লেখ্য, সেদিনই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন রয়েছে। নির্বাচনের একদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।

TMC: TMC will launch protests against forceful eviction of hawkers and bulldozer culture
কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি।

অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে মমতার সমালোচনার পরেই ‘বুলডোজার সংস্কৃতি’র বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিল তৃণমূল। জানা গিয়েছে, ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে। উল্লেখ্য, সেদিনই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন রয়েছে। নির্বাচনের একদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। দলের প্রার্থীর এই সিদ্ধান্তে মুখ পুড়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে নির্বাচনের দিনই অবৈধ নির্মাণ ও দখলদার হটাতে রাজ্য সরকারের নীতির প্রতিবাদ করে পথে নামতে চলেছে তৃণমূল।

Advertisement

প্রসঙ্গত, মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয় আজও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকে  প্রতিবাদ করে উঠে আসা এই দলকে আর প্রতিবাদের ময়দানে দেখা যাচ্ছে না। রাজ্যে পালাবদলের পর অবৈধ নির্মাণের বিরুদ্ধে পরপর অভিযান চালানো হলেও কোনও তৃণমূল নেতাকেই প্রতিরোধ গড়তে দেখা যায়নি। রাজ্যে প্রথম তিলজলায় বেআইনি কারখানা ভাঙার জন্য বুলডোজার নামে। সেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, সিপিআইএম নেতা শতরূপ ঘোষকে ময়দানে নেমে প্রতিবাদ করতে দেখা গেলেও তৃণমূলের কোনও নেতাকেই পথে দেখা যায়নি। তিলজলায় বুলডোজার চলার পর রাজ্যের একাধিক জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে, রেলের জমি থেকে দখলদার উচ্ছেদ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রতিবাদে নামতে দেখা যায়নি তৃণমূলকে। কিন্তু দেরি করে হলেও সেই প্রতিবাদের উপরই ভরসা রাখছে দল। যদিও এই প্রতিবাদ কর্মসূচিতে দলের কোন নেতৃত্বকে সামনের সারিতে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.