সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা ভোটের মডেল বাংলায় ফলাতে গিয়ে এবার পুলিশের খাতায় নাম লেখালেন মুকুল রায়৷ পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে ক্ষমতায় এলে বেকার যুবক-যুবতীদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চূড়ান্ত বিপাকে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়৷ নির্বাচনী বিধি ভেঙে ভোট প্রচারে গিয়ে মুকুলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ দায়ের তৃণমূলের৷
রবিবার মুকুল রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন তিনি মুকুলকে ফের ‘চাটনি বাবু’ বলে আখ্যা দেওয়ার পর বলেন, ‘‘বাংলার যুবক-যুবতীদের স্মার্টফোনের টোপ দিয়ে ভোট পাওয়ার সস্তা রাজনীতি করছে বিজেপি৷ ওরা ভাবছে, দামি ফোনের টোপ দিলেই বুঝি নির্বাচনে জেতা যাবে৷ আমরা এর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি৷ কারণ, নির্বাচন বিধি কার্যকর থাকাকালীন কোনও প্রতিশ্রুতি বা ভোটারকে প্রভাবিত করা যায়, এখন কোনও মন্তব্য করা যায় না৷ কিন্তু, মুকুল রায় নির্বাচনী বিধি ভেঙে জেলা পরিষদ দখল হলেই স্মার্টফোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশন যাব৷’’
দলীয় সূত্রে খবর, নির্বাচনবিধি ভাঙার অভিযোগে আজ জলপাইগুড়ি থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়৷ অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙা দাসপাড়ায় বিজেপির সভায় নির্বাচনবিধি ভাঙেন তিনি৷ পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি, সোমবারই মুকুলের স্মার্টফোনের ‘টোপ’-এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে যাবে তৃণমূল৷ এমনকি, যে যে জনসভায় মুকুল রায় স্মার্টফোনের ‘টোপ’ দিয়ে বক্তব্য বলেছেন, তার ফুটেজও কমিশনের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷
ত্রিপুরা মডেলকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়ে সম্প্রতি একটি জনসভায় বিতর্কিত মন্তব্য করেন মুকুল রায়৷ স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটে পালের হাওয়া কাড়ার চেষ্টা করেন বিজেপি নেতা মুকুল রায়৷ আসন্ন পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ দখল করতে পারলে বেকার যুবক-যুবতীদের স্মার্টফোন দেওয়ার ঢালাও প্রতিশ্রুতি দেন তিনি৷ বাংলা বিজয়ের লক্ষ্যে ‘পাইয়ে দেওয়া’র রাজনীতির পথে হাঁটতে গিয়ে নিজের পাতা ফাঁদেই জব্দ মুকুল রায়৷
সর্বশেষ খবর
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা