Kolkata

শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ

সেন্টার থেকে ২৪ ঘণ্টার দেখভালের জন্য আয়া রাখার পরিকল্পনা? সাবধান! খাস কলকাতার দুটি বাড়িতে আয়াদের কীর্তিতে চোখ কপালে পরিবারের।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৯:৫৮

options
link
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
AI দ্বারা নির্মিত ছবি।

৮১ বছরের শয‌্যাশায়ী বৃদ্ধাকে মারধর! সিসিটিভির ফুটেজে দেখে হতবাক পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতেই ওই আয়াকে গ্রেপ্তার করে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানার পুলিশ। এদিকে, উত্তর কলকাতার সিঁথিতে সামনে এল আরও এক আয়ার কীর্তি। ৮৭ বছর বয়সের ওই বৃদ্ধার কাছ থেকে কয়েক লাখ টাকার গয়না হাতিয়ে আয়া পালায়। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

Advertisement

প্রথম ঘটনাটিতে সার্ভে পার্ক এলাকায় এক বিচারপতির শাশুড়িকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় রিনা রায় নামে এক আয়াকে। বাড়ির প্রত্যেককেই সারাদিন ব‌্যস্ত থাকেন। তাই ঘরের মধ্যে বসানো হয় সিসিটিভির ক‌্যামেরা। মোবাইলে থাকা সিসিটিভির লিঙ্কের মাধ‌্যমেই চলত নজরদারি। পরিবারের লোকেরা দেখতে পান যে, ওই আয়া পরিচর্যার নাম করে শয‌্যাশায়ী বৃদ্ধাকে মারধর করছে। বৃদ্ধা কষ্ট পেলেও বিষয়টিকে সে গুরুত্বই দিচ্ছে না। সেই দৃশ‌্য সিসিটিভিতে দেখেই হতবাক হয়ে যান পরিবারের লোকেরা। বাড়িতে ফিরে রিনাকে তাঁরা ওই ব‌্যাপারে প্রশ্ন করলে সে অস্বীকার করে। এর পরই পুলিশের কাছে পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্তের পর রবিবার পুলিশ ওই আয়াকে গ্রেপ্তার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, সাউথ সিঁথি রোডের এক বাসিন্দা সিঁথি থানায় অভিযোগ জানান, মানিকতলার মুরারিপুকুরের একটি আয়া সেন্টার থেকে তাঁর ৮৭ বছর বয়সের মাকে দেখাশোনার জন‌্য সুপ্রিয়া অধিকারী নামে এক আয়াকে নিয়োগ করেন। কিছুদিন আগে অভিযোগকারীকে ডেকে তাঁর বৃদ্ধা মা নিজের কিছু গয়না দেখেন। আয়াও সেটি দেখে। বৃদ্ধা বিছানা ছেড়ে উঠে সেই গয়নাগুলি একটি ব‌্যাগে করে ঠাকুরের সিংহাসনের পিছনে রেখে দেন। এর পরের দিনই সুপ্রিয়া হঠাৎই বলে, তার স্বামী অসুস্থ বলে খবর এসেছে। তাকে বাড়ি যেতে হবে। শনিবার বৃদ্ধা ফের ওই গয়নাগুলি দেখার জন‌্য ব‌্যাগটি বের করতে যান। তখনই দেখা যায়, কয়েক লাখ টাকার সোনার গয়না-সহ ব‌্যাগটি উধাও। পরিবারের লোকের অভিযোগ, সুপ্রিয়া নামে ওই আয়া সেই গয়না নিয়ে পালিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সুপ্রিয়া অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.