Vidyasagar Setu

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধ রাখা হবে এই সেতু। বিদ্যাসাগর সেতুর কেবল বদল করা হবে। এছাড়াও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানানো হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৮:৫৯

options
link
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফাইল ছবি

ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। ৭ জুন রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধ রাখা হবে এই সেতু। বিদ্যাসাগর সেতুর কেবল বদল করা হবে। এছাড়াও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানানো হয়েছে। এই ১৬ ঘণ্টায় দ্বিতীয় হুগলি সেতুতে কোনওরকম যান চলাচল করবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকলেও বিকল্প পথ বাতলে দেওয়া হয়েছে। কোন পথে চলবে গাড়িগুলি? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১৬ ঘণ্টায় জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবে। খিদিরপুর হয়ে আসা গুলিকেও ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেট হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে।

Advertisement

উল্লেখ্য, মে মাসের মাঝামাঝি এই সেতুর কাজ করা কথা ছিল। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার  বিজ্ঞপ্তিও জারি হয়। পরে অবশ্য মে মাসে সেই কাজ হয়নি। মনে করা হচ্ছে সেই রক্ষণাবেক্ষণের  কাজই  আগামী রবিবার করা হবে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.