কলকাতার মেয়র তিনি। তাঁর কাঁধেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কলকাতা বন্দর এলাকা থেকে টানা তিনবারের বিধায়ক। প্রত্যাশা মতোও এবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ফিরহাদ। গত কয়েকদিন আগেই কলকাতা বন্দরে তৃণমূলের প্রার্থী হিসাবে হলফনামা জমা দিয়েছেন ফিরহাদ। জমা দেওয়া সেই হলফনামার তথ্য বলছে, গত পাঁচ বছরে কলকাতার মহানাগরিকের সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে কোটিপতি হলেও নিজের নামে কোনও গাড়ি নেই। একনজরে দেখে নেওয়া যাক কত টাকার সম্পত্তির মালিক ফিরহাদ (Firhad Hakim)?
এই বিষয়ে আরও খবর
আগামী ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট (West Bengal Assembly Election) রয়েছে কলকাতা বন্দরে। জমা দেওয়া নির্বাচনী হলফনামায় ফিরহাদ হাকিমের সম্পত্তির হিসাবনিকাশ, বার্ষিক আয়, জমিজমা-সহ বিভিন্ন তথ্য উঠে এসেছে। আর সেই তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কলকাতার মেয়রের আয় ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে ফিরহাদের আয় ছিল ৭৬ লক্ষ ৪ হাজার ৮০০ টাকা, পরের বছর সেই আয় বেড়ে হয় ৮৩ লক্ষ ৬০ হাজার ৬১০ টাকা, ২০২২-২৩ সালে আয় বেড়ে হয় ১ কোটি ২২ লক্ষ ৩৯ হাজার টাকা। তার পরের বছর আয় হয় ১ কোটি ৪৯ লক্ষ ৫৯ হাজার ১৯০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে ফিরহাদ হাকিম আয় করেছেন ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৮২৪ টাকা। তবে তাঁর হাতে রয়েছে নগদ ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা।
২০২৪-২৫ অর্থবর্ষে ফিরহাদের স্ত্রীর আয় ২ কোটি ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৭ টাকা। একাধিক ব্যাঙ্কে টাকা জমা রয়েছে মেয়র ফিরহাদের। হলফনামা অনুযায়ী তাঁর ব্যাঙ্কে রাখা টাকার পরিমাণ ৪ কোটি ২২ লক্ষ ৭৪ হাজার ৩ টাকা। রয়েছে মোটা অঙ্কের বিনিয়োগও।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থীর বিনিয়োগ রয়েছে ১৮ লক্ষ ৩৯ হাজার ৪৫৫ টাকা। তাঁর স্ত্রী ইসমতের বিনিয়োগের অঙ্ক ৯৪ লক্ষ ৬৪ হাজার ৪০ টাকা। এছাড়াও আছে সোনা এবং রুপোর গয়না। ফিরহাদের কাছে থাকা সোনার গয়নার মূল্য ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৪৫ লক্ষ ৮৩ হাজার ৬১ টাকার সোনা। সব মিলিয়ে ফিরহাদ হাকিমের মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৭ কোটি ২৭ লক্ষ ৫৬ হাজার ৯৭৬ টাকার। আর ইসমতের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২১ হাজার ১৮৩।
এছাড়াও ফিরহাদের ৩০ লক্ষ টাকার একটি জমি, ছাড়াও রয়েছে দুটি বাড়ি। বাড়িগুলির বর্তমান বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা ও ৪৮ লক্ষ টাকা। তাঁর স্ত্রীরও দুটি বাড়ি আছে। রয়েছে কমার্শিয়াল বিল্ডিংও। সব মিলিয়ে ফিরহাদ হাকিমের মোট স্থাবর সম্পত্তি ২ কোটি ৫১ লক্ষ।

বলে রাখা প্রয়োজন, এবার কলকাতা বন্দরে বিজেপির প্রার্থী সদ্য জেলমুক্ত রাকেশ সিং। কংগ্রেস অফিসে হামলা, ভাঙচুর-সহ একাধিক মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন। সম্প্রতি রাকেশের জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। এরপরেই ফিরহাদের বিরুদ্ধে কলকাতা বন্দর বিধানসভায় রাকেশকে প্রার্থী করে বিজেপি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের



