West Bengal govt

বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য, কর্পোরেট ধাঁচে বিদেশে কনসালট্যান্ট রাখার ভাবনা

রাজ্যে অব্যবহৃত জমির তালিকা তৈরি করতে চলেছে রাজ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১১:৫৬

options
link
বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য, কর্পোরেট ধাঁচে বিদেশে কনসালট্যান্ট রাখার ভাবনা
ফাইল ছবি।

রাজ্যে বিনিয়োগ টানতে কর্পোরেট ধাঁচে বিদেশে কনসালট্যান্ট রাখার ব্যবস্থা চালু করতে চাইছে রাজ্য। যাঁদের কাজ হবে বিদেশে শিল্পপতিদের কাছে বাংলার ভাবমূর্তি তুলে ধরা। নতুন সরকারের আমলে বাংলা কতটা শিল্পবান্ধব হয়ে উঠেছে তা বুঝিয়ে রাজ্যে শিল্প নিয়ে আসা। সোমবার নবান্নে শিল্প বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে রাজ্যে অব্যবহৃত জমির তালিকা তৈরি করতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যে লগ্নির একগুচ্ছ প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলি খতিয়ে দেখার পাশাপাশি শিল্পের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা নিয়েও চিন্তাভাবনা চলছে প্রশাসনের অন্দরে।

Advertisement

সূত্রের খবর, রাজ্য সরকার যে সমস্ত জমি শিল্প করার জন্য দিয়েছে কিন্তু সেখানে শিল্প গড়ে ওঠেনি এমন অব্যবহৃত জমির তালিকা প্রস্তুত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, প্রথম বৈঠকে তথ্য তালাশ করতে গিয়ে দেখা যায়, আগের সরকারের আমলে তেমন কোনও ডেটা ব্যাঙ্কই তৈরি করা হয়নি। জমি সংক্রান্ত বেশিরভাগ তথ্যই রেকর্ডেড নেই। তাই কোথায় কত জমি রয়েছে, তার তালিকা প্রস্তুত করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তিন ধরনের জমিকে চিহ্নিত করা হবে। প্রথমত, শিল্পের জন্য নেওয়া জমি অথচ ফেলে রাখা হয়েছে। দ্বিতীয়ত, যে জমি সরকারের রয়েছে তার বিবরণ এবং সরকার বা বেসরকারি সংস্থা কারও হাতেই নেই এমন জমির তালিকা হবে। তৃতীয়ত, প্রয়োজনে যে জমি রয়েছে বেসরকারি হাতে, তা ফেরানোর চিন্তাভাবনাও করছে রাজ্য।

Advertisement

তবে এদিনের বৈঠকে সব থেকে গুরুত্বপূর্ণ বিদেশ থেকে শিল্পপতিদের বাংলায় শিল্প স্থাপনের আগ্রহ তৈরি করতে এই কনসালট্যান্ট নিয়োগের পরিকল্পনা। বিভিন্ন দেশে তাঁরা থাকবেন। এবং বাংলা যে বিনিয়োগকারীদের জন্য কতটা আদর্শ জায়গা তা তাঁদের কাছে ব্যাখ্যা করবেন। গত ১৫ বছরে এ রাজ্যে শিল্পের বন্ধ্যাদশা চলছে। প্রতিবছর ঘটা করে শিল্প সম্মেলন হলেও তাতে শিল্প সেভাবে আসেনি। শিল্পের সেই খরা কাটাতে বদ্ধপরিকর নতুন সরকার। আর তাই এবার কনসালট্যান্ট নিয়োগের ভাবনা। এদিন ছিল মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক। সেখানে রাজ্যের লগ্নির সম্ভাবনা এবং শিল্প প্রসারের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। খুব শীঘ্রই এই কমিটি আবার বৈঠকে বসবে বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.