Fiber-Rich Poha Recipes

সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন

চাইলেই চিঁড়ে দিয়ে বানিয়ে ফেলা যায় উপাদেয় জলখাবার। যা হজমেও সহজ, স্বাদেও অতুলনীয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৮:৫৯

options
link
সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন
তৈরি হবে সহজেই, ভরবে খুদের পেট-মন দুইই।

চিঁড়ে— প্রত্যেক বাঙালির ঘরেই কমবেশি পাওয়া যাবে। বর্তমানে জলখাবার হিসেবে ওটস, কিনোয়া, স্মুদির ভিড়ে খানিক পিছনে চলে গিয়েছে ঠিকই। তবে চাইলেই চিঁড়ে দিয়ে বানিয়ে ফেলা যায় উপাদেয় জলখাবার (Fiber-Rich Poha Recipes)। যা হজমেও সহজ, স্বাদেও অতুলনীয়। বাড়ির খুদে সদস্যটিও তরিবৎ করে খাবে এই ঝাল-টক ব্রেকফাস্ট।

Advertisement

১. চিঁড়ের পোলাও
উপকরণ:
চিঁড়ে ১ কাপ, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি ও ক্যাপসিকাম (সব মিলিয়ে ১ কাপ), পিঁয়াজ ১টি, কাঁচালঙ্কা ১টি, আদা কুচি ১ চা-চামচ, চিনাবাদাম ১ টেবিল-চামচ, সর্ষের তেল, নুন ও হলুদ পরিমাণমতো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিনাবাদাম ভেজে তুলে রাখুন। এরপর পিঁয়াজ, আদা ও কাঁচালঙ্কা দিয়ে নেড়ে, সবজি যোগ করুন। নুন ও সামান্য হলুদ দিয়ে সবজি নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিঁড়ে ভালোভাবে মিশিয়ে আরও ৩–৪ মিনিট রান্না হতে দিন। নামানোর কিছুক্ষণ আগে ভাজা চিনাবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement

Healthy Breakfast Ideas: 5 Fiber-Rich Poha Recipes

২. ডাল-সবজি চিঁড়ে
উপকরণ:
চিঁড়ে ১ কাপ, মুগ ডাল ৩ টেবিলচামচ, গাজর, বিনস ও মটরশুঁটি (সব মিলিয়ে ১ কাপ), পিঁয়াজ ১টি, কাঁচালঙ্কা ১টি, জিরে অর্ধেক চা-চামচ, হলুদ, নুন ও সর্ষের তেল পরিমাণমতো।

মুগ ডাল হালকা সেদ্ধ করে নিন। চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে সামান্য সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ ও কাঁচালঙ্কা দিন। সবজি, নুন ও হলুদ দিয়ে নেড়ে নিন। সবজি অর্ধেক সেদ্ধ হলে, সেদ্ধ ডাল ও চিঁড়ে মিশিয়ে দিন। কয়েক মিনিট ঢেকে রেখে গরম গরম পরিবেশন করুন।

৩. পনির-সবজি চিঁড়ে
উপকরণ:
চিঁড়ে ১ কাপ, পনির ৫০–৬০ গ্রাম, গাজর, ক্যাপসিকাম ও মটরশুঁটি ১ কাপ, পিঁয়াজ ১টি, কাঁচালঙ্কা, আদা, সর্ষের তেল, নুন ও হলুদ।

চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। সর্ষের তেলে পিঁয়াজ, আদা ও কাঁচালঙ্কা ভেজে, তাতে সবজি দিন। নুন ও হলুদ দিয়ে সবজি নরম হওয়া পর্যন্ত রান্না হতে দিন। ছোট টুকরো করা পনির দিয়ে এক মিনিট নেড়ে, চিঁড়ে মিশিয়ে দিন। ঢেকে ২–৩ মিনিট রান্না করলেই তৈরি।

৪. ছোলা-চিঁড়ের চাট
উপকরণ:
চিঁড়ে ১ কাপ, সেদ্ধ ছোলা অর্ধেক কাপ, শসা, টমেটো অর্ধেক কাপ, পিঁয়াজ ১টি, ধনেপাতা, কাঁচালঙ্কা, লেবুর রস, ভাজা জিরের গুঁড়ো ও নুন।

চিঁড়ে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিন। এর সঙ্গে সেদ্ধ ছোলা, শসা, টমেটো, পিঁয়াজ ও ধনেপাতা মেশান। লেবুর রস, ভাজা জিরের গুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফাইবার-সমৃদ্ধ এই চাট বাচ্চা-বুড়ো সকলের ভালো লাগবে।

Healthy Breakfast Ideas: 5 Fiber-Rich Poha Recipes

৫. চিঁড়ের টিক্কা
উপকরণ:
চিঁড়ে ১ কাপ, সেদ্ধ আলু ১টি ছোট, গাজর কুচি, মটরশুঁটি (সব মিলিয়ে অর্ধেক কাপ), পিঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, কাঁচালঙ্কা কুচি ১টি, ভাজা জিরের গুঁড়ো অর্ধেক চা-চামচ, গোলমরিচের গুঁড়ো, নুন ও তেল।

চিঁড়ে ভালো করে ধুয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নিন। এর সঙ্গে সেদ্ধ আলু চটকে, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচালঙ্কা মেশান। ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচ ও নুন দিয়ে ভালোভাবে মেখে নিন।

মিশ্রণ থেকে ছোট ছোট গোল বা চ্যাপ্টা টিক্কা তৈরি করুন। নন-স্টিক প্যানে সামান্য তেল দিয়ে মাঝারি আঁচে দুই দিক সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। চিঁড়ের সঙ্গে সবজি যোগ হওয়ায় এই টিক্কায় ফাইবারের পাশাপাশি পুষ্টিও ভরপুর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.