Jamai Sasthi 2026

আপনার জামাই কি মিষ্টি ভালোবাসে? মিষ্টিমুখ করান রাবড়ি লিচুতে, রইল সহজ রেসিপি

বাঙালির যেকোনও উৎসবই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। আর এই তীব্র গরমে যদি জামাইয়ের পাতে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে, তাহলে তো ব্যাপারই আলাদা। সাধারণ মিষ্টি নয়, বানিয়ে ফেলুন লিচুর রাবড়ি। জামাইয়ের মন ভোলাতে নিজের হাতে রাঁধুন। রেসিপি জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৫:০৮

options
link
আপনার জামাই কি মিষ্টি ভালোবাসে? মিষ্টিমুখ করান রাবড়ি লিচুতে, রইল সহজ রেসিপি
গরমে ক্লান্তি দূর করবে জামাইষষ্ঠীর এই বিশেষ মিষ্টি। ছবি: সংগৃহীত

হাতেগোনা আর ক’দিন। তারপরেই বাঙালির ঘরে ঘরে জামাই আদরের পালা। আগামী ২০ জুন, শনিবার পড়েছে এবারের জামাইষষ্ঠী। নানা আচার ও রীতি মেনে এই ব্রত পালন করা হলেও, জামাইষষ্ঠীর মূল আকর্ষণ কিন্তু এর খাওয়াদাওয়া। এলাহি আয়োজনে জামাইবাবাজিকে যেভাবে থালা সাজিয়ে আপ্যায়ন করা হয়, তা দেখেও চোখের শান্তি। মাছ-মাংস তরিতরকারি তো রয়েছেই। কিন্তু বাঙালির যেকোনও উৎসবই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। আর এই তীব্র গরমে যদি জামাইয়ের পাতে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে, তাহলে তো ব্যাপারই আলাদা। সাধারণ মিষ্টি নয়, বানিয়ে ফেলুন লিচুর রাবড়ি। জামাইয়ের মন ভোলাতে নিজের হাতে রাঁধুন। রেসিপি জানেন?

Advertisement
ফাইল ছবি

উপকরণ:
মিষ্টি পাকা লিচু: ১৫-২০টি
ফুল ক্রিম দুধ: দেড় লিটার
চিনি: ৪-৫ টেবিল চামচ (স্বাদমতো)
কনডেন্সড মিল্ক: ৩ টেবিল চামচ
এলাচ গুঁড়ো: সিকি চা-চামচ
জাফরান: ১ চিমটি (দুধে ভেজানো)
গোলাপ জল: আধা চা-চামচ
পেস্তা ও কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ

Advertisement
ছবি: সংগৃহীত

প্রণালী:
প্রথম ধাপে লিচুর খোসা ছাড়িয়ে খুব সাবধানে ভেতর থেকে বীজগুলো বের করে আলাদা করে রাখুন। এবার একটি চওড়া কড়াইতে পুরো দুধটা ঢেলে দিয়ে মাঝারি আঁচে ভালো করে ফোটান। দুধ ফুটতে ফুটতে ওপরে যে সর জমবে, তা চামচ দিয়ে আলতো করে কড়াইয়ের চারপাশে বা কিনারায় লাগিয়ে রাখুন। এইভাবে বারবার জমা হওয়া সর কড়াইয়ের গায়ে জমিয়ে রাখতে হবে। অনবরত এই প্রক্রিয়াটি করতে করতে দুধ যখন মূল পরিমাণের প্রায় এক-তৃতীয়াংশ হয়ে আসবে, তখন বুঝতে হবে রাবড়ি প্রায় তৈরি।

Advertisement

এই অবস্থায় কড়াইয়ের কিনারায় জমে থাকা সব শুকনো সর চামচ দিয়ে স্ক্র্যাপ করে মূল দুধের সঙ্গে মিশিয়ে দিন। এতে দুধে চমৎকার ঘন ও দানাদার ভাব চলে আসবে। এরপর এই ঘন ক্ষীরের মধ্যে চিনি, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো এবং জাফরান মিশ্রিত দুধ ঢেলে দিন। মাঝারি আঁচে মিশ্রণটিকে আরও অন্তত ৫ মিনিট ফুটিয়ে রান্না করুন। চিনি পুরোপুরি গলে গিয়ে রাবড়ি বেশ ঘন ও লোভনীয় হয়ে উঠলে গ্যাস বন্ধ করে দিন।

এবার গরম রাবড়ির ওপর গোলাপ জল ছড়িয়ে দিয়ে কড়াইটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে পুরোপুরি ঠান্ডা করে নিন। মনে রাখবেন, গরম রাবড়ির মধ্যে কোনও অবস্থাতেই লিচু মেশানো যাবে না। এতে দুধ কেটে যাওয়ার বা স্বাদ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। রাবড়ি পুরোপুরি ঠান্ডা হয়ে এলে বীজহীন গোটা লিচুগুলো আলতো হাতে মিশিয়ে দিন। এবার পুরো ডেজার্টটি একটি সুন্দর পাত্রে ঢেলে অন্তত দুই ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে ওপর থেকে কুচানো পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন রাবড়ি লিচু।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.