Jaya Ahsan

জয়া আহসানের হেঁশেলে রমজান স্পেশাল রেসিপি, নিজে হাতে বানালেন ‘ডিমের ভেলপুরি’

Egg Vhelpuri Recipe: তিনি যখন পর্দায় আসেন, তখন তিনি মোহময়ী অভিনেত্রী। আবার সেই জয়া আহসানই যখন রান্নাঘরে ঢোকেন, তখন তিনি পুরোদস্তুর গৃহিণী। কখনও মাঠে নেমে সবজি ফলাতে দেখা গিয়েছে তাঁকে। আবার কখনও সোশাল মিডিয়ায় অনুরাগীদের জন্য তুলে ধরছেন জিভে জল আনা সব রেসিপি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এমনই এক অদ্ভুত অথচ লোভনীয় রেসিপি শেয়ার করলেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৮:৪৪

options
link
জয়া আহসানের হেঁশেলে রমজান স্পেশাল রেসিপি, নিজে হাতে বানালেন ‘ডিমের ভেলপুরি’
সোশাল মিডিয়ায় অনুরাগীদের জন্য জয়া তুলে ধরলেন আনোখা এক রেসিপি।

তিনি যখন পর্দায় আসেন, তখন তিনি মোহময়ী অভিনেত্রী। আবার সেই জয়া আহসানই যখন রান্নাঘরে ঢোকেন, তখন তিনি পুরোদস্তুর গৃহিণী। কখনও মাঠে নেমে সবজি ফলাতে দেখা গিয়েছে তাঁকে। আবার কখনও সোশাল মিডিয়ায় অনুরাগীদের জন্য তুলে ধরছেন জিভে জল আনা সব রেসিপি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এমনই এক অদ্ভুত অথচ লোভনীয় রেসিপি শেয়ার করলেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। যার নাম তিনি দিয়েছেন ‘ডিমের ভেলপুরি’।

Advertisement
ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

অভিনেত্রী জানান, ছোটবেলায় ডিম খেতে তাঁর চরম অনীহা ছিল। সে সময় মেয়েকে ডিম খাওয়াতে বেশ বেগ পেতেন তাঁর মা। তবে হাল ছাড়েননি। মেয়েকে পুষ্টি জোগাতে তিনি উদ্ভাবন করেছিলেন এক দারুণ কৌশল। মায়ের সেই কৌশলী রেসিপিই এখন জয়ার সকাল-সন্ধের প্রিয় স্ন্যাকস।

Advertisement
Jaya Ahsan shares a unique Ramadan recipe ‘Egg Bhelpuri’ on social media
ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

কীভাবে তৈরি করবেন এই ‘ডিমের ভেলপুরি’?
রেসিপিটি অত্যন্ত সহজ। জয়ার মতে, এর জন্য প্রয়োজন দুটি সিদ্ধ ডিম। তবে সাধারণ পোল্ট্রির ডিম নয়। স্বাদ বাড়াতে জয়া বেছে নেন দেশি মুরগির ডিম। প্রথমে ডিম দুটিকে মাঝখান থেকে সমান দু’ভাগে কেটে নিতে হবে। এরপর কাটা অংশের ওপর ছড়িয়ে দিতে হবে ফ্রেশ টমেটো সস।

Advertisement
Jaya Ahsan shares a unique Ramadan recipe ‘Egg Bhelpuri’
ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

তবে এই রেসিপির আসল ‘সিক্রেট’ লুকিয়ে আছে অন্য একটি উপাদানে। সসের ওপর ছড়িয়ে দিতে হবে কুড়কুড়ে ‘বম্বে সুইটস’ চানাচুর। জয়ার কথায়, এই চানাচুর ছাড়া এই রেসিপি একেবারেই অসম্পূর্ণ। এর সঙ্গেই জড়িয়ে আছে তাঁর শৈশবের হাজারো স্মৃতি। যাঁরা একটু বেশি চটপটে স্বাদ পছন্দ করেন, তাঁরা এর সঙ্গে যোগ করতে পারেন গোলমরিচ গুঁড়ো এবং কুচোনো পেঁয়াজ। ব্যস, তৈরি জয়ার পছন্দের ডিমের ভেলপুরি।

অভিনেত্রীর এই নতুন রেসিপি ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ সাড়া ফেলেছে। সাধারণ উপকরণের এমন জাদুকরি ব্যবহার দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। জয়া মাঝেমধ্যেই এমন ঘরোয়া রেসিপি শেয়ার করে বুঝিয়ে দেন, তারকা হলেও মাটির কাছাকাছি থাকতেই তিনি বেশি ভালোবাসেন। আপনিও একবার ট্রাই করে দেখবেন নাকি জয়া স্পেশাল এই ‘ডিমের ভেলপুরি’?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.