সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো বা রিফার্বিশড ইউজড প্রিমিয়াম স্মার্টফোনগুলি ফের বিক্রি করার পরিকল্পনা করছে স্যামসাং ইলেকট্রনিক্স৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর৷
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এই মুহূর্তে স্মার্টফোন বিক্রির নিরিখে বিশ্বে শীর্ষ স্থানাধিকারী৷ সংস্থাটি চায় তাদের প্রোডাক্টের ‘কস্ট এফিসিয়েন্সি’-কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে৷ তাই পুরনো, ব্যবহৃত হাই এন্ড স্মার্টফোনগুলিকে ফের গ্রাহকের হাতে তুলে দিয়ে বাজারের বেশিরভাগটাই দখলে রাখতে চায় স্যামসাং৷
এই পরিকল্পনার বিষয়ে সংস্থার কর্তারা প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও রয়টার্স সূত্রে খবর, দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় এই নয়া যাত্রা শুরু করতে পারে স্যামসাং৷ পরে ধীরে ধীরে প্রকল্পের সাফল্য খতিয়ে দেখে অন্যান্য দেশেও পুরনো স্মার্টফোন বিক্রির পথে হাঁটতে পারে সংস্থাটি৷
একবছর বা তার চেয়ে বেশি পুরনো ফোন সংস্থাকে ফিরিয়ে দিলে, সেই ফোনগুলিরই ব্যাটারি বা কেসিং বদলে আবার নয়া গ্রাহকদের কাছে কম দামে বিক্রি করবে স্যামসাং৷ সেক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে, যে মডেলটি পুরনো ও ব্যবহৃত৷ অন্যদিকে, গ্রাহকরাও অপেক্ষাকৃত কম দামে সংস্থার প্রিমিয়াম মডেলগুলি ব্যবহার করার সুযোগ পাবেন৷ তবে পুরনো ফোন কিনলে ঠিক কত শতাংশ ছাড় মিলবে সে কথা জানাতে সংস্থার মুখপাত্র অস্বীকার করেছেন৷
এই একই পথে হেঁটে লাভের মুখ দেখেছে অ্যাপল৷ মার্কিন মুলুকে ৯০ ডলারেরও কমে পুরনো আইফোন কিনতে পাওয়া যায়৷ একই পন্থায় ভারতেও পুরনো আইফোন বিক্রির পরিকল্পনা করেছিল অ্যাপল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পটি এখনও বিশ বাঁও জলে৷ এবার স্যামসাংও চাইছে সস্তায় হাই এন্ড হ্যান্ডসেট বিক্রি করে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা চিনা সংস্থাগুলির চেয়ে প্রতিযোগিতায় কয়েক কদম এগিয়ে থাকতে৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!