Indian Railways tickets Uber

এবার উবেরেই কাটা যাবে ট্রেনের টিকিট, অ্যাপে নয়া অপশন, স্টেশন পর্যন্ত থাকছে বিশেষ ক্যাবও!

গত অর্থবর্ষে ৭৪১ কোটি যাত্রী ট্রেনযাত্রা করেন। তাঁদের অধিকাংশই টিকিট কাটেন অনলাইনে। সেই বিষয়টি মাথায় রেখেই উবেরের নতুন উদ্যোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৫২

options
link
এবার উবেরেই কাটা যাবে ট্রেনের টিকিট, অ্যাপে নয়া অপশন, স্টেশন পর্যন্ত থাকছে বিশেষ ক্যাবও!
ছবি এআই দ্বারা নির্মিত

স্রেফ ট্রেনের টিকিট কাটার জন্য আবার একটা অ্যাপ! ফোনের স্টোরেজও চলে যায় অ্যাপের জন্য। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল উবের। এবার ক্যাব বুক করার ফাঁকেই ট্রেনের টিকিট কেটে ফেলতে পারবেন ইউজাররা। ট্রেনের পিএনআর চেক করা থেকে শুরু করে অন্যান্য সুবিধাও পাবেন।

Advertisement

এতদিন পর্যন্ত ক্যাব বা বাইক বুক করা যেত উবেরের মাধ্যমে। ঘন্টার হিসাবে গাড়িভাড়াও মিলত। পার্সেল আদানপ্রদানের সুবিধা ছিল উবের অ্যাপে। এবার নতুন ভার্সন আনছে উবের। জানা গিয়েছে, ভারতীয় রেলের টিকিট বুকিং প্ল্যাটফর্ম ইক্সিগোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে উবের। তাদের উদ্দেশ্য, একটি অ্যাপের মাধ্যমেই সমস্ত রকম যানবাহন বুকিংয়ের সুবিধা এনে দেওয়া। স্রেফ ট্রেন নয়, দূরপাল্লার বাসও বুক করা যাবে উবেরের নতুন ফিচারে। ট্রেন থেকে নেমে ক্যাব বা অটো বুকিংয়ের অপশনও থাকবে।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন অন্তত সাড়ে ১৪ লক্ষ টিকিট বিক্রি হয় আইআরসিটিসির ওয়েবসাইটে। যাত্রীদের অনেকেই টিকিট কাটেন অ্যাপ থেকেও। পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে ৭৪১ কোটি যাত্রী ট্রেনযাত্রা করেন। তাঁদের অধিকাংশই টিকিট কাটেন অনলাইনে। সেই বিষয়টি মাথায় রেখেই উবেরের নতুন উদ্যোগ। আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে অহেতুক ক্যাপচা, পপ আপের মতো বিরক্তি ধরানো বিষয়গুলি থাকে। কিন্তু উবের অ্যাপে থাকবে না সেসব ‘ঝুটঝামেলা’। সহজেই টিকিট কেটে নেওয়া যাবে।

Advertisement

কীভাবে ট্রেনের টিকিট মিলবে উবের অ্যাপে? ফোনে অ্যাপ খুললেই দেখা যাবে ট্রেন এবং বাস বুকিংয়ের অপশন। ওই অপশনে ক্লিক করলেই যাবতীয় ট্রেনের তথ্য মিলবে। নিজের পছন্দমতো ট্রেন এবং যাত্রীদের তথ্য জমা দেওয়ার পর লাগবে ইউজারের আইআরসিটিসি আইডি। যদি কেউ এই আইডি ভুলে গিয়ে থাকেন তাহলে ইমেলে সেই তথ্য় আবার পেয়েও যাবেন। পেমেন্ট ইত্যাদি প্রক্রিয়া সেরে ফেললেই উবের অ্যাপে টিকিট কাটা সম্পন্ন। ওই টিকিটের ভিত্তিতেই ট্রেনে ওঠা-নামার আগে এবং পরে অন্যান্য যানবাহন বুক করে রাখার অপশনও থাকবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.