Travel

পাসপোর্টে স্ট্যাম্প পড়লেই কমবে বয়স, ম্যাজিক দেখাচ্ছে নয়া গবেষণা

'কাকা, একটু সরে দাঁড়ান'। বাসে ট্রামে এমন কথা কি আপনাকে প্রায়শ শুনতে হয়! না, খামোখা মাথা গরম করবেন না। এমনটা ঘটলে বুঝবেন বয়স বাড়ছে। আজ্ঞে হ্যাঁ, কেউ পরম স্নেহে 'দাদা' বা ‘কাকু’ বলে ডেকে আপনার মেজাজটাই বিগড়ে দিলে ভড়কাবেন না। বুঝবেন, আপনার চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে। তবে, জিম বা পার্লারের চক্কর কেটে অবিশ্যি আপনার কোনও লাভ হবে না। এক্ষেত্রে আপনার ট্রাভেল ব্যাগই আপনাকে পথ দেখাবে। কী, অবাক হচ্ছেন ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৯:০২

options
link
পাসপোর্টে স্ট্যাম্প পড়লেই কমবে বয়স, ম্যাজিক দেখাচ্ছে নয়া গবেষণা
ভ্রমণই কি যৌবনের মহৌষধি? কী বলছে নয়া গবেষণা? ছবি: সংগৃহীত

‘কাকা, একটু সরে দাঁড়ান’। বাসে ট্রামে এমন কথা কি আপনাকে প্রায়শ শুনতে হয়! না, খামোখা মাথা গরম করবেন না। এমনটা ঘটলে বুঝবেন বয়স বাড়ছে। আজ্ঞে হ্যাঁ, কেউ পরম স্নেহে ‘দাদা’ বা ‘কাকু’ বলে ডেকে আপনার মেজাজটাই বিগড়ে দিলে ভড়কাবেন না। বুঝবেন, আপনার চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে। তবে, জিম বা পার্লারের চক্কর কেটে অবিশ্যি আপনার কোনও লাভ হবে না। এক্ষেত্রে আপনার ট্রাভেল ব্যাগই আপনাকে পথ দেখাবে। কী, অবাক হচ্ছেন ? না, অবাক হওয়ার কিছু নেই। নয়া এক গবেষণা এমনটাই জানাচ্ছে। নিয়মিত পাহাড়-জঙ্গল বা সমুদ্রের হাওয়া গায়ে মাখলে শুধু মন নয়, শরীরের বয়স বাড়ার গতিও নাকি অনেকটাই থমকে যায়। অর্থাৎ, পিঠের ব্যাগ আর পায়ের চটিই হতে পারে আপনার দীর্ঘ যৌবনের নতুন ফর্মুলা।

Advertisement
Essential Health Tips for Your Summer Travel
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার এডিথ কোওয়ান ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি এক চমকপ্রদ তথ্য দিয়েছেন। ‘জার্নাল অব ট্রাভেল রিসার্চ’-এ প্রকাশিত সেই গবেষণাপত্র অনুযায়ী, ইতিবাচক ভ্রমণ অভিজ্ঞতা মানুষের শরীর ও মনের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। বিজ্ঞানীরা বিষয়টিকে দেখছেন ‘এনট্রপি’ বা বিশৃঙ্খলার তত্ত্বে। তাঁদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বিঘ্নিত হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় উচ্চ এনট্রপি দশা। ভ্রমণ এই বিশৃঙ্খলা কাটিয়ে শরীরকে সংহত বা ‘লো-এনট্রপি’ অবস্থায় ফেরাতে সাহায্য করে।

Advertisement
Slow Travel
ফাইল ছবি

কীভাবে কাজ করে এই ট্রিপ?
উত্তরটা লুকিয়ে আছে ভ্রমণের প্রকারভেদে। বাড়ির চার দেওয়ালে বন্দি জীবনে যে উদ্দীপনা পাওয়া যায় না, ভ্রমণের পরিবেশে তা অনায়াসেই মেলে। নতুন জায়গায় হাঁটাচলা করা, অচেনা মানুষের সঙ্গে কথা বলা বা পাহাড় ভাঙার মতো শারীরিক কসরত শরীরের মেটাবলিজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। প্রকৃতির সান্নিধ্য কমিয়ে দেয় মানসিক চাপ বা স্ট্রেস। আর স্ট্রেস কমলেই কোষের ক্ষয় কমে, যার সরাসরি প্রভাব পড়ে চেহারায়।

Advertisement
Some important safety tips for Travel in COVID-19 times
ফাইল ছবি

তবে গবেষকদের একটাই সতর্কতা। সব ভ্রমণই কিন্তু লাভদায়ক নয়। যদি ট্যুর প্ল্যান এমন হয় যেখানে হাড়ভাঙা খাটুনি, নিরাপত্তাহীনতা বা চূড়ান্ত মানসিক দুশ্চিন্তা, তবে হিতে বিপরীত হতে পারে। তাই ছুটির দিনগুলোয় সময় নষ্ট করবেন না। কাছে হোক বা দূরে। নিজের এলাকায় হোক বাইরে কোথাও। নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন। পায়ে হেঁটে ঘুরুন অলিগলি। গবেষকদের দাবি, এই ছোট ছোট আনন্দই শরীরের কোষগুলোকে সতেজ রাখবে। তাই ক্যালেন্ডারে লাল কালির দাগ পড়লেই বেরিয়ে পড়ুন। কে বলতে পারে, একটা ভালো ট্রিপই হয়তো আপনার কয়েক বছর কমিয়ে দেবে নিমেষেই! আদতে ভ্রমণ কেবল শখ নয়, এ তো সুস্থ থাকারই সহজ পাঠ!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.