Cafe Musafir in Kolkata

মুসৌরি যেতে হবে না, কলকাতার বুকেই প্রেমের কাহিনি বুনছে ‘ক্যাফে মুসাফির’

যাবেন নিশ্চয়ই? রইল ঠিকানা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৪:৪৪

options
link
মুসৌরি যেতে হবে না, কলকাতার বুকেই প্রেমের কাহিনি বুনছে ‘ক্যাফে মুসাফির’

নেটফ্লিক্সে ‘মুসাফির ক্যাফে’ দেখার পর পাহাড়ের কোলের ওরকম একটা ভালোবাসা মাখা ক্যাফে মন টানছে সকলের। প্রকৃতির মাঝে মনোরম পরিবেশে বসে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি, আর কী চাই! কিন্তু ইচ্ছে হলেই তো আর ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়া যায় না। সব থেকে বড় সমস্যা ছুটি। কিন্তু যদি কলকাতার (Kolkata) বুকেই মুসাফির ক্যাফের (Cafe Musafir) হদিশ পান? হ্যাঁ, এটাই সত্যি। এই শহরেই রয়েছে ‘ক্যাফে মুসাফির’। যার আনাচে কানাচে রয়েছে পাহাড়ের আমেজ। অফিস ফেরার পথে মন ভালো করতে ঢুঁ মারতেই পারেন এই ক্যাফেতে।

Advertisement
Discover Musafir Cafe in Kolkata's Kaikhali,
জন্মদিন উদযাপনের জন্য সাজানো হয়েছে ক্যাফে। ছবি-সোশাল মিডিয়া।

কলকাতার ভিআইপি রোডের কৈখালি এলাকায় রয়েছে ‘ক্যাফে মুসাফির’। কয়েকবছর আগে পথচলা শুরু এই রুফটপ ক্যাফের। মূলত পাহাড়ের থিমে সাজানো এটি। দেওয়াল জুড়ে রয়েছে নানারকম রঙিন পেন্টিং। ক্যাফে জুড়ে রয়েছে প্রেয়ার ফ্ল্যাগ (বৌদ্ধদের ধর্মীয় পতাকা, যা অত্যন্ত শুভ মনে করা হয়), গাছ। এছাড়া রয়েছে নানারকম শো-পিস। সব মিলিয়ে পাহাড়ের আমেজ পাওয়ার জন্য আদর্শ এই ঠিকানা। বাড়তি পাওয়া লাইভ মিউজিক। ঠিক পর্দার ‘মুসাফির ক্যাফে’র মতোই প্রায়দিন সন্ধ্যায় লাইভ মিউজিকের আয়োজন করা হয় এখানেও। যা এই ক্যাফকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ দিনগুলোতে বিশেষভাবে সাজানো হয় এই ক্যাফেটি। চাইলে আপনার বিশেষ দিনকেও স্পেশাল করে তুলবে এরা। জন্মদিন, অ্যানিভার্সারি বা অন্য কোনও অনুষ্ঠান উদযাপনের ব্যবস্থাও রয়েছে এখানে। 

Advertisement
Discover Cafe Musafir in Kolkata's Kaikhali,
পাহাড়ের আমেজের সঙ্গে ধোঁয়া ওঠা চা, মন ভালো করার ঠিকানা ‘ক্যাফে মুসাফির’।

এবার নিশ্চয়ই ভাবছেন, মেনুতে কী কী রয়েছে এই ক্যাফের? চা-কফি তো রয়েইছে, এছাড়াও পিৎজা-সহ নানারকম সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় একেবারে সস্তায়। তাই অল্প খরচে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে, বা কিছুটা সময় নিজের সঙ্গে একান্ত কাটাতে ঢুঁ মারতেই পারেন মুসাফির ক্যাফেতে। ঠিকানা? কৈখালি, ভিআইপি রোড, কলকাতা – ৭০০০৫২। তাহলে আর দেরি কেন? চটপট ঘুরে আসুন কলকাতার ক্যাফে মুসাফির থেকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.