আজ মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করা কঠিন। ফোনে কথা বলা ছাড়াও অনলাইন পেমেন্ট, অফিসের কাজ, পড়াশোনা, কেনাকাটা—সবের জন্যই এখন ভরসা স্মার্টফোন। ভারতের প্রথম মোবাইল ফোনটির আগমন অবশ্য খুব বেশিদিন আগে নয়, আজ থেকে মাত্র ৩১ বছর আগে। প্রথম ফোনকলটিও হয়েছিল সেইদিনই। ফোন কানে ধরে প্রথম কলটিতে উত্তর কে দিয়েছিলেন জানেন? এ এক বলার মতো গল্প বটে।
আরও পড়ুন:

১৯৯৫ সালের ৩১ জুলাই। ভারতের টেলিকম ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সেদিনই দেশের প্রথম আনুষ্ঠানিক মোবাইল ফোন কল করা হয়, যার মাধ্যমে ভারতে বাণিজ্যিক সেলুলার পরিষেবার যাত্রা শুরু হয়। দিল্লি-মুম্বই নয়, ভারতের প্রথম আনুষ্ঠানিক মোবাইল ফোনকল করা হয়েছিল কলকাতা থেকে। সেই ঐতিহাসিক ফোনকলটি করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu Made India’s First Mobile Phone Call)। তিনি কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে যোগাযোগ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী সুখ রামকে, যিনি দিল্লির সঞ্চার ভবনে ছিলেন। এই সংক্ষিপ্ত কথোপকথনই ভারতের মোবাইল যুগের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ইতিহাসে স্থান পায়।
ব্যবহার হয়েছিল নোকিয়ার মোবাইল হ্যান্ডসেট এবং মোদি টেলস্ট্রার ‘মোবাইলনেট’ নামের জিএসএম (GSM) নেটওয়ার্ক। মোদি টেলস্ট্রা ছিল ভারতের মোদি গ্রুপ ও অস্ট্রেলিয়ার টেলিকম সংস্থা টেলস্ট্রার যৌথ উদ্যোগ। ১৯৯০-এর দশকে টেলিকম ইন্ডাস্ট্রিতে বেসরকারি সংস্থাগুলিকে সুযোগ দেওয়ার পর এটিই ছিল দেশের প্রথম মোবাইল পরিষেবা প্রদানকারী উদ্যোগ।
তবে সে সময় বর্তমানের মতো সস্তা ছিল না মোবাইল ফোন। ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের দাম ছিল আনুমানিক দশ হাজার টাকা, যা সেই সময়ের তুলনায় যথেষ্ট বেশি। কল করার পাশাপাশি কল রিসিভ করলেও টাকা দিতে হত তখন। প্রতি মিনিটে কলের খরচ ছিল প্রায় ৮ থেকে ১৬ টাকা, যা সেই সময়ের নিরিখে অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রথমদিকে মোবাইল ফোন ব্যবহার করতেন মূলত শিল্পপতি, ব্যবসায়ী এবং উচ্চ আয়ের মানুষরা।

শুরু হয় টেলিকম বিপ্লব। ১৯৯৫ সালে যে যাত্রা শুরু হয়েছিল, তা পরবর্তী তিন দশকে ভারতের চেহারা বদলে দেয়। ধীরে ধীরে মোবাইল পরিষেবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। নতুন নতুন টেলিকম সংস্থার আগমনে কল রেট কমতে থাকে, সস্তা হয় মোবাইল ফোন। এরপর আসে 3G, 4G এবং এখন 5G প্রযুক্তি। আজ মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ব্যবসা ও সরকারি পরিষেবারও গুরুত্বপূর্ণ অংশ।১৯৯৫ সালের ৩১ জুলাই করা সেই কয়েক মিনিটের ফোন কলটি কেবল দুই নেতার কথোপকথন ছিল না। সেটিই ছিল ভারতের ডিজিটাল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির